বারুইপুর কাণ্ডে গঠিত সিটের প্রধানকে বদলি, এডিজি সিআইডি সহ ৩৩ আধিকারিকের দায়িত্ব বদল
বর্তমান | ১৫ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরের নাবালিকা গণধর্ষণ-খুন কাণ্ডের তদন্তে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (সিট) প্রধান তথা অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্তকে বদলি করা হল। মঙ্গলবার ঘোষিত সরকারি নির্দেশনামা অনুযায়ী, তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে বর্তমানে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসকে। বছর দুই আগে জয়নগরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন অতীশবাবু। অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি দ্রুত চার্জশিট জমা দেওয়ার কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। বারুইপুর কাণ্ডে আইন শৃঙ্খলা সামলানোর দায়িত্বে তাঁকে এখানে আনা হয়। এবার অতিরিক্ত পুলিশ সুপার হয়ে সেই কাণ্ডেরই তদন্ত সামলাবেন। বারুইপুর কাণ্ডের ঘটনার পুনর্নির্মাণ পর্বে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এনকাউন্টারের ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। সরকারি নির্দেশনামা অনুযায়ী সিআইডি’র এডিজি সুপ্রতীম সরকারকে বদলি করা হয়েছে কম গুরুত্বপূর্ণ টেলিকমিউনিকেশনসে। এরই পাশাপাশি এই প্রথম সিআইডি’র ডিজি পদ তৈরি করে দায়িত্ব দেওয়া হয়েছে পোড়খাওয়া আইপিএস নটরাজন রমেশবাবুকে। ডিজি (সংশোধনাগার) পদে থাকা রমেশবাবু সিআইডি’র দায়িত্বও সামলাবেন।
প্রসঙ্গত, নাবালিকা গণধর্ষণ-খুনের তদন্তে বিস্তর গাফিলতির অভিযোগ উঠেছিল পুলিশের একাংশের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নাবালিকা নিখোঁজ হওয়ার জেনারেল ডায়েরির ১২ ঘণ্টা পরে এফআইআর দায়ের করেছিল পুলিশ। এই পর্বে নাবালিকাকে খুঁজে বের করার ক্ষেত্রেও যথেষ্ট তৎপরতা দেখা যায়নি উর্দিধারীদের তরফে। গাফিলতির এই সব অভিযোগ সামনে আসার পর রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। সেই রিপোর্ট জমা পড়েছে। ইতিমধ্যেই মামলার দুই তদন্তকারী অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার জোনালের অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করে নবান্ন নিজেদের কঠোর অবস্থানের বার্তা দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিন রাজ্য পুলিশে বড়ো পর্যায়ে প্রশাসনিক রদবদল করল নবান্ন। ২৮ জন আইপিএস এবং ৫ ডব্লুবিপিএস আধিকারিকের নতুন দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। বদল করা হয়েছে বিধাননগরের সিপি’কে। ত্রিপুরারি অথর্বর জায়গায় বিধাননগরের সিপি করা হয়েছে রাঠোর অমিতকুমার ভরতকে। আবার পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের আইজি পদে থাকা প্রবীণ ত্রিপাঠীকে হোম গার্ডের আইজি করা হয়েছে। বদল করা হয়েছে উত্তরবঙ্গের দুই জেলার পুলিশ সুপারকে। উত্তরবঙ্গে এসটিএফের এসপি’র দায়িত্ব দেওয়া হয়েছে অম্লান ঘোষকে।
অপরদিকে কে জয়রামনকে ডিরেক্টরেট অব ইকোনমিক অফেন্সের ডিরেক্টর পদের দায়িত্ব দেওয়া হয়েছে। আনন্দ কুমার হলেন এডিজি ওয়েস্টার্ন জোন। বিশাল গর্গ পেলেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এডিজির দায়িত্ব। সুকেশ কুমার জৈন হলেন নর্থ বেঙ্গল রিজিয়নের আইজিপি। সুধীর কুমার নীলকান্তমকে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের আইজি করল নবান্ন। ডেভিড ইভান লেপচা হলেন ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ।