• অগ্নিকাণ্ডে বন্ধ জেলা পরিষদ ভবন, থমকে ডিআই অফিসের কাজ, সমস্যায় স্কুলগুলি
    বর্তমান | ১৫ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আলিপুরে জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ডের জেরে মাধ্যমিক স্কুলের জেলা পরিদর্শকের (ডিআই) অফিসের কাজ বন্ধ। স্থায়ী অফিস না থাকায় কোনো কিছু করা যাচ্ছে না বলে অভিযোগ। পেনশন, শিক্ষক নিয়োগ সহ যাবতীয় কাজ থমকে। শিক্ষকরা জানান, আগুন লাগার পর থেকে বহুদিন সম্পূর্ণ অফিস সিল করে দেওয়ায় স্কুলগুলির এবং শিক্ষকদের ফাইলগুলিতে কোনো কাজ হচ্ছে না। বিশেষ করে পেনশন, ১৮ বছরের সুবিধা, বকেয়া সহ বিভিন্ন জরুরি ফাইলের কাজ আটকে।  এক মাস আগে দক্ষিণ ২৪ পরগনার সদর কার্যালয়ে জেলা পরিষদের অফিসে আগুন লেগেছিল। বিল্ডিংটি ব্যবহার করার জন্য এখনও ছাড়পত্র দেয়নি পিডব্লুডি। এদিকে সেখানে থাকা বিভিন্ন বিভাগের অফিস এদিক-ওদিক স্থানান্তর করা হয়েছে। কিন্তু ডিআই অফিসের জন্য এখনও সেভাবে স্থায়ী জায়গা পাওয়া যায়নি। সূত্রের খবর, অস্থায়ী অফিস চালু হলেও সেখানে সব কাজ করা যাচ্ছে না। জেলার এক শীর্ষ আধিকারিক বলেন, সমস্যা হচ্ছে। তবে বিকল্প জায়গার খোঁজ করা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান হবে। এই জেলায় হাজারের বেশি স্কুল রয়েছে। রোজই স্কুলের নানা কাজের জন্য শিক্ষক থেকে শিক্ষক কর্মীদের ডিআই অফিসে যেতে হয়। কিন্তু গত এক মাস ধরে যাবতীয় কাজ থমকে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, আগুন লাগার পর থেকে বহুদিন সম্পূর্ণ অফিস সিল করা আছে। স্কুলগুলির প্রাতিষ্ঠানিক এবং শিক্ষকদের পেশাগত ফাইলগুলির কোনো কাজ হচ্ছে না। বিষয়টি নিয়ে খেয়াদহ হাইস্কুলের প্রধান শিক্ষক আলতুপ শেখ কিংবা নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের শিক্ষক রত্নদ্বীপ মিশ্র বলেন, শিক্ষকদের বিভিন্ন পাওনাগণ্ডার ক্ষেত্রে ব্যাপক সমস্যা হচ্ছে। পেনশন প্রাপকদেরও বিরাট হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। এই সমস্যার দ্রুত সমাধান চাই।
  • Link to this news (বর্তমান)