গাছ পাচার রুখতে বনদপ্তরের সঙ্গে যৌথ অভিযান পুলিশের
বর্তমান | ১৫ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গত ১৫ বছরে বাংলায় কমেছে অরণ্য। সেই দশা কাটিয়ে ‘দূষণমুক্ত বাংলা’ এবং ‘পরিবেশবান্ধব বাংলা’ গড়তে রাজ্যজুড়ে ১০ কোটি গাছ লাগানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সল্টলেক বনবিতানে অরণ্য সপ্তাহের সূচনায় এসে এই বার্তা দিয়েছেন তিনি। গাছ পাচার রুখতে এবং বেআইনি শ-মিলের বিরুদ্ধে পুলিশকে সঙ্গে নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃক্ষরোপণ বাড়ানোর জন্য এদিনই একাধিক সংস্থার সঙ্গে বনদপ্তরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী প্রথমে ‘শহিদ’ বনকর্মীদের স্মরণ করেন। তারপর বৃক্ষরোপণ, বনরথের সূচনা, ট্যাবলো উদ্বোধন, চারাগাছ বিতরণ হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও, প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, প্রধান মুখ্য বনপাল (হফ) সন্দীপ সুন্ডিয়াল প্রমুখ।