• এবার চুরি গুজরাতের সতীপীঠেও! বদ্রীনাথে নগদ, শালগ্রাম শিলা, রুপো হাতানোর অভিযোগে গ্রেপ্তার
    বর্তমান | ১৫ জুলাই ২০২৬
  • আমেদাবাদ ও দেরাদুন: ভূলুণ্ঠিত হিন্দু ভাবাবেগ। রাম জন্মভূমি, বদ্রীনাথ ধামের পর দানচুরির অভিযোগে কলঙ্কিত সতীপীঠ দেবী অম্বার মন্দিরও। বদ্রীনাথে নগদের বান্ডিল, সোনা-রুপোর মুদ্রা, শালগ্রাম শিলা হাতানোর অভিযোগে ইতিমধ্যেই মন্দির কমিটির চেয়ারম্যানের দপ্তরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রামমন্দির, বদ্রীনাথের ঘটনায় এখনও নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যে এবার প্রণামি চুরিতে তোলপাড় তাঁর নিজের রাজ্য। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে গুজরাতের বনসকাঁথা জেলায় আরাসুরি পাহাড়ের উপর অবস্থিত ৫১ সতীপীঠের অন্যতম দেবী অম্বাজির সিসি ক্যামেরার ফুটেজ। সেই ভিডিয়োতেই দেখা গিয়েছে, মন্দিরের দান গণনার ঘর থেকে এক লক্ষ টাকা সরাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন চুক্তিতে নিযুক্ত এক কর্মী। তাঁর নাম চিরাগ ঠাকুর।

    পুরান মতে, দেবী সতীর হৃৎপিণ্ড পড়েছিল গুজরাতের বনসকাঁথায়। সেই স্থানেই দেবী অম্বাজি মন্দির। এমন পবিত্র স্থানে ভক্তদের দানচুরির অভিযোগ হৃদয়ভঙ্গ করছে কোটি কোটি হিন্দুর। মন্দির কর্তৃপক্ষের স্বীকারোক্তি, ঘটনাটি গত মে মাসের। শৌচাগারে যাওয়ার নাম করে গণনার ঘর থেকে বেরনোর সময় চিরাগের পকেট থেকে টাকার বান্ডিল নীচে পড়ে যায়। তাঁকে ধরে ফেলেন অন্য কর্মীরা। প্রাথমিক তদন্তে জানা যায়, এই কাণ্ডে চিরাগের সঙ্গে জড়িত আরও দুই চুক্তিভিত্তিক কর্মী। মন্দির কর্তৃপক্ষের দায়ের করা এফআইআরের ভিত্তিতে তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে। বনসকাঁথার জেলাশাসক তথা শ্রী আরাসুরি অম্বাজি মাতা দেবস্থান ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মিহির প্যাটেল জানিয়েছেন, অভিযুক্তদের চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। প্রণামি গণনার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে নয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) ঘোষণা করা হয়েছে। নয়া ব্যবস্থায় ২০টির বেশি সিসি ক্যামেরার ফুটেজ ছ’মাস পর্যন্ত সংরক্ষিত থাকবে। গণনাকক্ষে ঢোকার আগে ও বেরনোর সময় কর্মীদের তল্লাশি চালাবে পুলিশ। বড়ো পকেট থাকা পোশাকে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। মন্দির চত্বরের বাইরে বসানো বিশাল এলইডি স্ক্রিনে দান গণনা সরাসরি সম্প্রচার করা হবে। তবে ধৃতরা নিছক চুনোপুঁটি নাকি ঘটনার নেপথ্যে রাঘববোয়ালরা জড়িত, সেই প্রশ্নে মুখে কুলুপ এঁটেছে কর্তৃপক্ষ। ফলে অযোধ্যার মতো এক্ষেত্রেও সিবিআই তদন্তের দাবিতে সরব বিরোধীরা।

    অযোধ্যার প্রণামি চুরিকাণ্ডে একদিন আগেই কেন্দ্র, উত্তরপ্রদেশ সরকার ও ট্রাস্টকে নোটিস পাঠিয়ে তদন্তের স্টেটাস রিপোর্ট ও বক্তব্য তলব করেছে সুপ্রিম কোর্ট। তোলপাড় চলছে পাশের রাজ্য উত্তরাখণ্ডেও, চারধামের অন্যতম বদ্রীনাথ মন্দিরে দানচুরির অভিযোগ ঘিরে। বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যানের দপ্তরের পদস্থ কর্তা প্রমোদ নৌটিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। চামোলি পুলিশ বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় মন্দিরের গণনাকক্ষ থেকে একাধিক ৫০০ টাকার নোট, স্বর্ণ ও রৌপ্যমুদ্রা এবং জাফরানের প্যাকেট, এমনকি শালগ্রাম শিলাও আত্মসাৎ করেছে। সাক্ষীদের বয়ান, সিসি ক্যামেরার ফুটেজ ও নথি পরীক্ষা করে অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ হাতে এসেছে তদন্তকারীদের।

    বৈষ্ণোদেবী মন্দিরের প্রণামিতেও সম্প্রতি ৫৫০ কোটি টাকা মূল্যের নকল রুপো ধরা পড়েছে। গত মে মাসে দানের ২০ টন রুপো গলানো ও মজুতের জন্য সরকারি টাঁকশালে পাঠিয়েছিল মন্দির বোর্ড। কিন্তু সেখানে দেখা যায়, ওই রুপোর মাত্র ৫ শতাংশই আসল। সেই ঘটনায় জম্মু ও কাশ্মীরের ক্রাইম ব্রাঞ্চকে যাবতীয় নথিপত্র জমা দিতে বলেছে আদালত।
  • Link to this news (বর্তমান)