• গুরুত্বপূর্ণ পদে বসলেন ‘দাগী’, বিএমএসের মধ্যমগ্রাম কমিটি নিয়ে বিতর্ক
    বর্তমান | ১৫ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) নবগঠিত মধ্যমগ্রাম নগর কমিটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ, এই কমিটির এগজিকিউটিভ সদস্য করা হয়েছে সৌরভ সমাদ্দার ওরফে রনিকে। সংগঠনের একাংশের দাবি, তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রয়েছে। অভিযোগ, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে গুলি চালানোর ছবিও সমাজমাধ্যমে ভাইরাল। (যদিও এর সত্যতা যাচাই করেনি বর্তমান)। এমনকি মধ্যমগ্রাম থানার ‘হিস্ট্রি শিটার’ বা পেশাদার অপরাধীদের তালিকাতেও তাঁর নাম রয়েছে বলে সূত্রের খবর। ফলে, এমন একজনকে নেতৃত্বে আনায় ক্ষোভ ছড়িয়েছে সংগঠনের অন্দরে। 

    রাজ্যে পালাবদলের পর থেকেই সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় মজদুর সংঘ। মূলত অটো ও টোটোচালকদের সংগঠন হিসাবেই পরিচিত তারা। সংগঠনের বক্তব্য, তারা আরএসএসের আদর্শ ও অনুপ্রেরণায় পরিচালিত। তবে আরএসএস ও বিজেপির আদর্শগত ঘনিষ্ঠতার কারণে মানুষ অটো-টোটোচালকদের অনেকেই ভারতীয় মজদুর সংঘকে বিজেপির শ্রমিক সংগঠন বলে মনে করে। জানা গিয়েছে, কয়েকদিন আগেই নতুন করে গঠিত হয়েছে মধ্যমগ্রাম নগর কমিটি। ১৫ সদস্যের এই কমিটির সভাপতি গণেশচন্দ্র পাল। সহ সভাপতি অন্তরা চক্রবর্তী। সম্পাদক সৈকতকুমার ঘোষ। পাঁচজন এগজিকিউটিভ সদস্যের একজন সৌরভ সমাদ্দার ওরফে রনি। তাঁর নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। সংগঠনের একাংশের অভিযোগ, রনির বিরুদ্ধে খুন, এনডিপিএস, ডাকাতি ও জাল নোট সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এমন ‘দাগী’কে নেতৃত্বে আনায় ক্ষুব্ধ অনেকেই। আরএসএসের প্রচারক বরুণ ঘোষ বলেন, আরএসএস ট্রেড ইউনিয়ন চালায় না। ট্রেড ইউনিয়ন চালায় ভারতীয় মজদুর সংঘ। বিষয়টি ওরাই বলতে পারবে। মধ্যমগ্রামের প্রাক্তন বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সহ সভাপতি অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় (রাজু) বলেন, ভারতীয় মজদুর সংঘের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। বিজেপির শ্রমিক সংগঠনও নেই। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। এ নিয়ে ভারতীয় মজদুর সংঘের বারাসত জেলার সম্পাদক মণীশ বিশ্বাস বলেন, জেলায় বিভিন্ন জায়গা থেকে নামের সুপারিশ আসে। তার ভিত্তিতে কমিটি গঠন করা হয়। তবে যাঁদের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ রয়েছে, তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। মধ্যমগ্রাম নগর কমিটি থেকেও খুব দ্রুত সৌরভকে সরিয়ে দেওয়া হবে। এ নিয়ে অবশ্য সৌরভ সমাদ্দারের প্রতিক্রিয়া মেলেনি।  আগ্নেয়াস্ত্র হাতে সৌরভ সমাদ্দার।
  • Link to this news (বর্তমান)