• বেতন বৃদ্ধির দাবিতে মধ্যমগ্রাম পুরসভায় বিক্ষোভ সাফাইকর্মীদের
    বর্তমান | ১৫ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: পাঁচ বছর ধরে মিলছে একই বেতন। একাধিকবার বৃদ্ধির দাবি জানিয়েও মেলেনি সুরাহা। তাই কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবার দুপুরে মধ্যমগ্রাম পুরসভায় বিক্ষোভ দেখালেন সাফাইকর্মীরা। তাঁদের অভিযোগ, বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে দীর্ঘ পাঁচ বছর ধরে একই মজুরিতে কাজ করা অসম্ভব হয়ে উঠেছে।

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১৯৯৭ সালে মধ্যমগ্রামে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের ব্যবস্থা চালু হয়। প্রথমদিকে সাফাইকর্মীদের বেতন দিত পুরসভা। ২০২১ সালে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প রাজ্যের হাতে চলে যায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনে স্টেট আর্বান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা) গোটা বিষয়টি পরিচালনা করে। সাফাইকর্মীরা কত দিন কাজ করেছেন, তার হিসাব পুরসভা পাঠিয়ে দেয় সুডার কাছে। সেই অনুযায়ী ট্রেজারির মাধ্যমে কর্মীদের বেতন হয়। বর্তমানে ২৮ ওয়ার্ডের মধ্যমগ্রাম পুরসভায় ২১২ জন নির্মল বন্ধু ও ৬৪ জন নির্মল সাথী আছেন। পাশাপাশি রয়েছেন গাড়ির চালক ও হেল্পাররা। সাফাইকর্মী সৌভিক দে, দীপঙ্কর দালালরা বলেন, গত পাঁচ বছর ধরে একই বেতন পাচ্ছি। এবার বেতন বৃদ্ধি না হলে সাফাইয়ের কাজ বন্ধই থাকবে। অন্যদিকে, মধ্যমগ্রাম পুরসভার এগজিকিউটিভ অফিসার রাজেন্দ্র মাহাত বলেন, সাফাইকর্মীদের বেতন নির্ধারণ বা বৃদ্ধি করার এক্তিয়ার পুরসভার নেই। কর্মীদের বেতন দেয় রাজ্য সরকার। নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে কনফারেন্স চলাকালীনও বিষয়টি তুলে ধরা হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)