রাজস্ব আদায়ের আধিকারিকরা এক পদে থাকতে পারবেন সর্বোচ্চ দু’বছর
বর্তমান | ১৫ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রশাসনিক দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের আধিকারিকদের বদলি সংক্রান্ত নতুন নীতি ঘোষণা করল নবান্ন। সেই মতো রাজস্ব আদায়, কর সংগ্রহ বা অন্য কোনো সংবেদনশীল দায়িত্বে নিযুক্ত আধিকারিকদের ক্ষেত্রে আরও কঠোর বদলি নীতি কার্যকর করা হল। এই ধরনের পদে একজন আধিকারিক দু’বছরের বেশি থাকতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। নয়া নীতিতে বলা হয়েছে, একমাত্র অবসর গ্রহণের দু’বছর আগে কোনো আধিকারিককে হোম ডিস্ট্রিক্টে পোস্টিং দেওয়া হবে। রাজস্ব আদায় ছাড়া অন্য বিভাগ বা কাজের সঙ্গে যুক্ত কোনো আধিকারিক একই পদে টানা তিন বছর কাজ সম্পূর্ণ করলে তাঁকে সাধারণভাবে বদলির জন্য বিবেচনা করা হবে। কোনো অবস্থাতেই একই পদে চার বছরের বেশি সময় কর্মরত থাকার বিষয়টি অনুমোদিত হবে না। প্রশাসনিক জরুরি প্রয়োজন, বিশেষ দুর্ভোগ বা ব্যতিক্রমী পরিস্থিতিতে সংশ্লিষ্ট দপ্তরের সুপারিশের ভিত্তিতে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এই নীতির নির্দিষ্ট বিধানে শিথিলতা আনতে পারবে। রাজ্য প্রশাসনের মতে, নতুন এই বদলি নীতি প্রশাসনে দীর্ঘদিন একই জায়গায় কর্মরত থাকার প্রবণতা কমাবে। সেই সঙ্গে স্বচ্ছতা ও পরিষেবার নিরপেক্ষতা বাড়বে।