• নতুন মামলা নিয়ে ফিরছে অচিন্ত্য আইচ
    এই সময় | ১৫ জুলাই ২০২৬
  • ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’-এর তৃতীয় সিজ়ন বেশ জমজমাট হতে চলেছে। প্রথমবার সে ডিফেন্স নয়, প্রসিকিউশনের আইনজীবীর ভূমিকায়। আর আদালতে তার প্রতিপক্ষ দেশের অন্যতম অভিজ্ঞ আইনজীবী দিগ্বিজয় সিংহ। এই চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। ফলে শুরু থেকেই এই আদালত যুদ্ধ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

    গল্পের শুরু ধনী ব্যবসায়ী নীল রায় বর্মনের রহস্যময় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু দিয়ে। নীলের মৃত্যুর পরে তার স্ত্রী দেবযানী বিশাল সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু শেষকৃত্যের দিনই ঘটে অবিশ্বাস্য ঘটনা। নীলের মতো দেখতে এক ব্যক্তি ফিরে এসে দাবি করেন, মর্গে দেহ বদলের ভুল হয়েছিল। ফলে ভুল ব্যক্তির দেহই দাহ করা হয়েছে। এই দাবিতেই গোটা পরিবারে শুরু হয় তীব্র অস্থিরতা। নীলের মা শ্রাবণী বিশ্বাস করে, ফিরে আসা ব্যক্তিই তার আসল ছেলে।

    কিন্তু দেবযানীর দাবি, সে একজন প্রতারক। সত্যি সামনে আনতেই সে আদালতের দ্বারস্থ হয়। মামলার দায়িত্ব পায় অচিন্ত্য আইচ। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে লোভ, খুন, ব্ল্যাকমেল এবং বহু বছরের লুকিয়ে থাকা পারিবারিক গোপন রহস্য। শেষ পর্যন্ত সবচেয়ে বড় চমক অপেক্ষা করে শ্রাবণীকে ঘিরেই। তাঁর পরিকল্পিত প্রতিশোধের জালে জড়িয়ে পড়ে গোটা পরিবার। এই সিজ়নে শুধু আদালতের লড়াই নয়, পারিবারিক সম্পর্কের টানাপড়েনও গল্পের গুরুত্বপূর্ণ অংশ।

    প্রত্যেক চরিত্রের নিজস্ব উদ্দেশ্য ও গোপন রহস্য ধীরে-ধীরে সামনে আসবে। ফলে কে সত্যি বলছে আর কে মিথ্যার আড়ালে নিজেকে লুকিয়ে রাখছে, সেই প্রশ্নই দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখবে। রহস্য, আবেগ ও আইনি লড়াইয়ের মিশেলে এই নতুন সিজ়ন, আগের দুই সিজ়নের তুলনায় আরও বড় চমক নিয়ে হাজির হতে চলেছে বলেই মনে করছেন নির্মাতারা।

    দিগ্বিজয় সিংহ-র চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘গল্পের প্লট এবং চরিত্রের জটিলতাই আমাকে এই কাজ করতে উৎসাহ দিয়েছে। দিগ্বিজয় একজন বুদ্ধিমান, আত্মবিশ্বাসী এবং অভিজ্ঞ আইনজীবী। চরিত্রটা ভালো লেগেছে। তা ছাড়া এটা ‘হইচই’-এর সঙ্গে আমার প্রথম কাজ। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতাও আমি উপভোগ করেছি। পাশাপাশি ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে আদালতের দৃশ্য দর্শকদের ভালো লাগবে বলেও আমার বিশ্বাস। এই সিরিজ়ে সবার সঙ্গেই কাজের অভিজ্ঞতা ভালো।’

    অচিন্ত্যর ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী জানান, ‘প্রতি সিজ়নেই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় অচিন্ত্যকে। তবে এ বার প্রতিপক্ষ হিসেবে দিগ্বিজয় সিংহ থাকায় লড়াই আরও কঠিন। সব্যসাচী চক্রবর্তীর মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন ভাগ করে নেওয়া আমার কাছে বিশেষ অভিজ্ঞতা। দর্শকরা এ বার অচিন্ত্যর সবচেয়ে কঠিন মামলার সাক্ষী থাকবেন বলেই মনে করছি। সিরিজ়ের এই পর্বে অনেক ভালো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।’

    পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের গলায় একই সুর। তৃতীয় মরশুমে গল্পের আবেগ এবং আইনি লড়াই—দুই দিকই আরও বড় পরিসরে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। সব্যসাচী চক্রবর্তীর পাশাপাশি মিঠু চক্রবর্তী, ইশা সাহা এবং অভিষেক বসুর মতো অভিনেতাদের উপস্থিতি এই রহস্যঘেরা আদালতের লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তাঁর কথায়, ‘নতুন রহস্য ও টানটান আদালত লড়াই দর্শকদের মন জয় করবে। খুব মজা করে শুটিং করেছি আমরা। আশা রাখি দর্শকরাও ‘হইচই’-এ আনন্দ করে দেখবেন সিরিজ়টা।’
  • Link to this news (এই সময়)