ফিফা বিশ্বকাপের সেমি ফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বাজিমাত করেছে স্পেন। তবে ম্যাচ শেষে প্রশ্ন উঠছে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে। তার মধ্যে সবচেয়ে বেশি চর্চায় স্পেনের পেনাল্টি থেকে গোল। লুকাস দিগনের ফাউলের আগে ইয়ামালের হাতে বল লেগেছিল। কিন্তু ফ্রান্সকে ফ্রি-কিক না দিয়ে স্পেনের অনুকূলে পেনাল্টি দেন রেফারি। এই সিদ্ধান্ত নিয়েই বাড়ছে বিতর্ক। পেনাল্টি কি আদৌ বৈধ ছিল? কী বলছে ফুটবলের নিয়ম?
কী ভাবে পেনাল্টি পেয়েছিল স্পেন?
ম্যাচের ২২ মিনিটে ঘটনাটি ঘটে। ফ্রান্সের ডিফেন্ডার লুকাস দিগনে নিজেদের বক্সে একটি বল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর পরে দ্বিতীয়বার বল ক্লিয়ার করতে গেলে তখন দ্রুত সামনে চলে আসেন ইয়ামাল। দিনিয়ে ঠিকভাবে বল ক্লিয়ার করতে পারেননি। তাঁর ডান পা গিয়ে লাগে ইয়ামালের উরুর উপরের অংশে। ঘটনাটি পেনাল্টি বক্সের মধ্যেই হওয়ায় রেফারি ইভান বার্টন সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান।
তবে বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল দিগনের ফাউলের ঠিক আগের মুহূর্তটি। পরে রিপ্লেতে দেখা যায়, বলটি ইয়ামালের হাতে স্পর্শ করেছিল। ফলে অনেকেই দাবি করেন, হ্যান্ডবলের জন্য ফ্রি-কিক পাওয়া উচিত ছিল ফ্রান্সের।
কী বলছে ফুটবলের নিয়ম?
IFAB-র নিয়মে বলা আছে, কোনও প্লেয়ারের হাত বা বাহুতে বল লাগলেই তা হ্যান্ডবল হয় না। কোনও খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে হাতে বা বাহুতে (Arm) বল স্পর্শ করলে তখন হ্যান্ডবল হয়। এ ছাড়া হাত বা বাহুর অবস্থানের কারণে কোনও প্লেয়ার তাঁর দেহকে ‘অস্বাভাবিকভাবে বড়’ করে তুললে তবেই হ্যান্ডবলের সিদ্ধান্ত দেওয়া হয়। কোনও খেলোয়াড়ের হাত বা বাহু তখনই তাঁর দেহকে ‘অস্বাভাবিকভাবে বড়’ করেছে বলে ধরা হবে, যখন সেই অবস্থান তাঁর দেহের স্বাভাবিক মুভমেন্টের অংশ না হয়।
কেন পেনাল্টির সিদ্ধান্ত বহাল ছিল?
ইয়ামালের ক্ষেত্রে দেখা যায়, বল দখলের সময়ে তাঁর কনুই শরীরের সঙ্গেই লেগে ছিল। অর্থাৎ, হাতের অবস্থান ছিল সম্পূর্ণ স্বাভাবিক। রিপ্লেতে বলের সঙ্গে বাহুর যে স্পর্শটি দেখা যায়, সেটাও ছিল জামার হাতার উপরের অংশে। বর্তমান নিয়ম অনুযায়ী একে ‘টি-শার্ট লাইন’ বলা হয়। এই অংশে বল লাগলে হ্যান্ডবল ধরা হয় না।
যেহেতু ইয়ামালের হাত স্বাভাবিক অবস্থায় ছিল এবং তিনি হাত ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে দেহের আকার বাড়াননি, তাই হ্যান্ডবল দেননি রেফারি। ফলে স্পেনের পক্ষ থেকে কোনও নিয়মভঙ্গ হয়নি। তাই লুকাস দিনিয়ের ইয়ামালকে করা ফাউলের ভিত্তিতে রেফারি পেনাল্টি দেন। IFAB-র নিয়ম অনুযায়ী এই সঠিক সিদ্ধান্ত।