কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুরন্ত ছন্দে থেকেও শেষরক্ষা হয়নি। বিশ্বকাপের সেমি ফাইনালে স্পেনের বিরুদ্ধে ০-২ গোলে হেরে ছিটকে গিয়েছে ফ্রান্স। গোটা ম্যাচে একটাও শট লক্ষ্যে রাখতে পারেননি কিলিয়ান এমবাপে। নিষ্প্রভ ছিলেন মাইকেল ওলিসে, ওউসমানে দেম্বেলে, দেসিরে দুয়েরা। মাঝমাঠের দখল নিতে না পারায় ব্যর্থ হয়েছে স্ট্র্যাটেজি। তবে নিজেদের ভুল মেনে নিলেও রেফারির দিকে আঙুল তুললেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। সরাসরি দোষ না দিলেও প্রশ্ন তুলে দিলেন আদৌ রেফারি ইভান বার্টন বিশ্বকাপের সেমি ফাইনালের মতো ম্যাচ পরিচালনার যোগ্য কি না। দেশঁর এই মন্তব্য নিয়ে চলছে জোর চর্চা।
কেন রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ফ্রান্সের কোচ?
স্পেন বনাম ফ্রান্স ম্যাচে দায়িত্বে ছিলেন এল সালভাদরের রেফারি ইভান বার্টন। ম্যাচে তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। স্পেনের পেনাল্টি, ফ্রান্সের একটি ফ্রি-কিক বাতিল এবং একাধিক সিদ্ধান্ত নিয়ে রয়েছে বিতর্ক। তা নিয়েই ম্যাচের শেষে মুখ খুললেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি একটি কঠিন প্রশ্ন করব, কিন্তু তার উত্তর দেব না। এই রেফারি কি বিশ্বকাপের সেমি ফাইনাল পরিচালনা করার মতো মানের ছিলেন? আজ আমরা হেরেছি বলে এটা বলছি না। ম্যাচে এমন অনেক পরিস্থিতি তৈরি হয়েছে যা কারও নজর এড়ায়নি। অবশ্য কিছু সিদ্ধান্ত আমাদের পক্ষেও গিয়েছে।’
সেখানেই থামেননি দেশঁ। নিজের মন্তব্যের পিছনে যুক্তিও দেন তিনি। ফ্রান্সের কোচ বলেন, ‘আমি যদি এ নিয়ে বেশি কিছু বলি, তা হলে মনে হবে, হেরে গিয়েছি বলে অজুহাত দিচ্ছি। শুধু পেনাল্টির ঘটনাই নয়, আরও অনেক বিষয় ছিল। আজকের রেফারির বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনও অভিযোগ নেই। তবে আপনারাই ভেবে দেখুন, তিনি এই ম্যাচের জন্য উপযুক্ত ছিলেন কি না।’
তবে রেফারিং নিয়ে প্রশ্ন তুললেও শেষ পর্যন্ত স্পেন যোগ্য দল হিসেবেই জিতেছে, তা মেনে নিয়েছেন দেশঁ। বললেন, ‘ট্যাকটিক্সের দিক থেকে আমরা স্পেনের চেয়ে পিছিয়ে ছিলাম। এটা আমাদেরই দোষ। এমন অনেক ভুল পাস হয়েছে, যেগুলো থেকে গোলের সুযোগ তৈরি হতে পারত। দলের পুরো টুর্নামেন্টের পারফরম্যান্সকে ছোট করতে চাই না। কিন্তু এই ম্যাচে স্পেন আমাদের থেকে বাড়তি কিছু করে দেখিয়েছে।’
উল্লেখ্য, সেমি ফাইনালের আগে ছয় ম্যাচে ১৬টি গোল করেছিল ফ্রান্স। কিন্তু স্পেনের দাপুটে ফুটবলের সামনে বিশ্বজয়ের স্বপ্ন ভেঙে যায় এমবাপেদের।