• ‘স্ট্র্যাটেজিতেই গলদ ছিল’, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে বিস্ফোরক এমবাপে
    এই সময় | ১৫ জুলাই ২০২৬
  • গোটা টুর্নামেন্ট দারুণ খেলেও আসল সময়ে ভুল করে ফেলেছে ফ্রান্স। বিশ্বকাপের সেমি ফাইনালে স্পেনের কাছে ০-২ গোলে হেরে ছিটকে গিয়েছেন কিলিয়ান এমবাপেরা। মাইকেল ওলিসে, ওউসমানে দেম্বেলে, দেসিরে দুয়েরা নিষ্প্রভ ছিলেন গোটা ম্যাচে। দুরন্ত ফর্মে থাকা ফ্রান্স কেন মুখ থুবড়ে পড়ল সেমি ফাইনালে? ম্যাচ শেষে এই নিয়ে মুখ খুললেন এমবাপে। স্পষ্ট জানালেন, স্ট্র্যাটেজিতে ভুলের জন্যই হারতে হয়েছে ফ্রান্সকে। মাঝমাঠের দখল নিতে না পাওয়ার মাশুল গুনতে হয়েছে দলকে, তা-ও মেনে নিলেন নির্দ্বিধায়। পরোক্ষ ভাবে কোচ দিদিয়ের দেশঁকে দায়ী করলেন?

    ম্যাচ হেরে কী বললেন কিলিয়ান এমবাপে?

    এমবাপের মতে স্পেন কৌশলগত এবং প্রযুক্তিগত—দুই দিক থেকেই ফ্রান্সকে ছাপিয়ে গিয়েছে। ESPN-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান স্ট্র্যাটেজি একেবারেই কাজে লাগেনি। এমবাপে বলেন, ‘মিডফিল্ডে আমাদের তিনের বিরুদ্ধে দুই পরিস্থিতিতে পড়তে হয়েছে। স্পেনের বিরুদ্ধে এই পরিকল্পনা নিয়ে সাফল্য পাওয়া কঠিন। ফাবিয়ান রুইজ় এবং রদ্রি বল নিয়ে এগোনোর জন্য অনেক সময় পেয়েছে। প্রেসিংয়ের সময়ে আমাদের মধ্যে তালমিলের অভাব ছিল। আমার মনে হয়, আমাদের ম্যান-টু-ম্যান প্রেস করা উচিত ছিল, যাতে ওদের আমাদের সঙ্গে দৌড়তে বাধ্য করা যেত।’

    এমবাপের যুক্তি একেবারেই ঠিক। গোটা ম্যাচ জুড়ে রদ্রি, ফাবিয়ান রুইজ় এবং দানি ওলমো স্পেনের মাঝমাঠে দাপট দেখান। খেলার রাশ ছিল তাঁদের হাতে। ফ্রান্সের অরেলিয়েন চুয়ামেনি এবং আদ্রিয়েন রাবিওকে সফল হতে দেননি তাঁরা।

    ‘আমরা নিজেদের খেলাই খেলতে পারিনি’: এমবাপে

    ফ্রান্সের এই তারকা স্ট্রাইকার বলেন, ‘স্পেন নিজেদের পরিকল্পনা মেনেই খেলেছে। ওরা বলের দখল এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে ভালোবাসে। আমাদের পরিকল্পনা ছিল শুরু থেকেই ওদের উপরে চাপ তৈরি করা, যাতে ওরা নিজেদের ছন্দে খেলতে না পারে। কারণ, ম্যাচ নিয়ন্ত্রণে ওরা আমাদের চেয়ে ভালো। কিন্তু আমরা সেটা করতে পারিনি।’

    শুধু তাই নয়, বল ছিনিয়ে নিলেও ফ্রান্স সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বলে আক্ষেপ প্রকাশ করলেন এমবাপে। তিনি বলেন, ‘বল কেড়ে নেওয়ার পরে আমাদের প্রথম টাচই ভালো ছিল না। এর ফলেই এই হার। তবে ফাইনালে ওঠার জন্য যা যা প্রয়োজন ছিল, তার সবটা আমরা করতে পারিনি।’

    ১৯ জুলাই রাতে আর্জেন্তিনা বনাম ইংল্যান্ড ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে ফাইনালে খেলবে স্পেন।
  • Link to this news (এই সময়)