• ভুয়ো নথি দেখিয়ে 3.9 কোটি টাকার ঋণ, গ্রেফতার 3
    eTV Bharat | ১৫ জুলাই ২০২৬
  • কলকাতা, 15 জুলাই : ভুয়ো নথি ব্যবহার করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে প্রায় 3 কোটি 90 লক্ষ টাকার ঋণ নেওয়ার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ তদন্তকারী দল। ধৃতরা হলেন মানস রায়, তাপস রায় এবং তন্ময় রায় । তাঁরা সকলেই হাওড়ার বাসিন্দা ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা একটি বেসরকারি সংস্থার পরিচালক ও গ্যারান্টার ছিলেন । এক্ষেত্রে অভিযোগ, তাঁরা একাধিক সহযোগী সংস্থার সঙ্গে যোগসাজশ করে হাওড়া পুরসভার একটি বিল্ডিংয়ের ভুয়ো স্যাংশনড প্ল্যান তৈরি করে সেটিকেই আসল নথি হিসেবে ওই ব্যাঙ্কে জমা দেন । সেই নথির ভিত্তিতেই প্রায় 3 কোটি 90 লক্ষ টাকার ক্যাশ ক্রেডিট মঞ্জুর হয় ।

    তদন্তে উঠে এসেছে, ঋণ নেওয়ার পর অভিযুক্তরা নিয়মিত কিস্তি (EMI) পরিশোধ করেননি। বরং, ঋণের টাকা বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে কয়েকটি জায়গায় সরিয়ে দেওয়ার পর আত্মসাতের অভিযোগ রয়েছে ।

    অভিযুক্তদের গ্রেফতার করার জন্য মঙ্গলবার গভীর রাতে হাওড়ায় অভিযান চালায় ডিডি-এসআইটি দল । অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের করার পর তাঁদের বাড়ি থেকে প্রায় 1 কোটি 55৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে । অভিযানে ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার আধিকারিকেরাও সহায়তা করেন । এই ঘটনায় কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (গোয়েন্দা) কুণাল আগারওয়াল বলেন, "আমরা গোটা বিষয় এর উপর নজর রাখছি ।"

    ধৃতদের হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। এই জালিয়াতি চক্রে আর কারা জড়িত এবং ঋণের টাকা কোথায় সরানো হয়েছে, খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।
  • Link to this news (eTV Bharat)