• ‘ডিমবর্ষণ’ আটকাতে কড়া নিরাপত্তা, কণ্ঠস্বর পরীক্ষায় আদালতে হাজিরা অভিষেকের
    এই সময় | ১৫ জুলাই ২০২৬
  • অবশেষে বুধবার কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর আদালতে হাজির হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতি ঘিরে ডিম ছোড়া-সহ যে কোনও বিশৃঙ্খলা ঠেকাতে এ দিন আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিধানসভা নির্বাচনের প্রচারে ‘ডিজে বাজানো’ সংক্রান্ত অভিযোগের মামলাতেই এ দিন আদালতে হাজিরা দেন তিনি।

    নির্বাচনী প্রচারপর্বে বেশ কিছু সভা থেকে তিনি ভোটের ফলাফল ঘোষণার দিন ‘ডিজে বাজানো হবে’ বলে বক্তব্য রেখেছিলেন। এই মন্তব্যের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানো ও ভোট পরবর্তী হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক সমাজকর্মী। সেই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। ইতিমধ্যেই এই মামলায় দু’বার অভিষেকের কন্ঠস্বর পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। দু'বারই নির্ধারিত দিনে বিধাননগর আদালতে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি।

    ১৫ জুলাই, বুধবার অভিষেক আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে হাজির হওয়ার কথা আদালতে জানিয়েছিলেন অভিষেকের আইনজীবী। তবে আদালত চত্বরে ডিম ছোড়া বা কোনওরকম হেনস্থার ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে আবেদন জানিয়েছিলেন অভিষেকের আইনজীবী। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে সোনারপুরে এক কর্মীর বাড়িতে যাওয়ার পথে ডিম ছোড়েন স্থানীয় বাসিন্দারা। অভিষেককে বিক্ষোভের মুখে পড়তে হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সেখান থেকে পরে অভিষেককে বের করে আনা হয়।

    যদিও দু’বার হাজিরা এড়ানোর পর গত ১০ জুলাই কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় অভিষেককে। আদালত জানিয়ে দেয়, অবিলম্বে সিআইডি-র কাছে কণ্ঠস্বরের নমুনা দিয়ে তদন্তে সহযোগিতা না করলে আদালত তাঁর উপরে থাকা আইনি রক্ষাকবচ তুলে নেওয়া হবে। তবে আদালত চত্বরে যাতে ডিম ছোড়ার মতো কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, সে ব্যাপারে পুলিশকে নিশ্চিত করতে হবে বলেও জানিয়ে দেয় আদালত।

  • Link to this news (এই সময়)