একটি পোস্টেই ঘুচল পরিবারের দীর্ঘ উৎকণ্ঠা, সোশ্যাল মিডিয়ার দৌলতে ঘরে ফিরল ছেলে
News18 বাংলা | ১৫ জুলাই ২০২৬
হাসপাতালে অসুস্থ মানসিক ভারসাম্যহীন যুবক, সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে মিলল পরিচয়; পরিবারের কাছে ফিরলেন রাজু। হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন এক মানসিক ভারসাম্যহীন যুবক। নিজের পরিচয় জানাতে না পারায় প্রথমে তার পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
স্থানীয়দের উদ্যোগে ওই যুবকের ছবি ও তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। অল্প সময়ের মধ্যেই পোস্টটি বহু মানুষের কাছে পৌঁছে যায়। সেই ছবিই নজরে পড়ে যুবকের পরিবারের সদস্যদের। ছবি দেখে তারা নিশ্চিত হন, হাসপাতালে ভর্তি থাকা যুবকই তাদের হারিয়ে যাওয়া স্বজন। পরে জানা যায়, ওই যুবকের নাম রাজু ঘোষ। বাড়ি হাওড়া জেলার ডোমজুড় থানার মাকড়দহ এলাকায়।
প্রায় ১৫-১৬ দিন আগে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে পথ ভুলে তিনি উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকায় পৌঁছে যান। দীর্ঘদিন ঘোরাঘুরি ও অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থারও অবনতি হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে পৌঁছে রাজুকে শনাক্ত করেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের মানবিকতা, প্রশাসন, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তৎপরতা এবং সোশ্যাল মিডিয়ার দ্রুত প্রসারের ফলে শেষ পর্যন্ত নিজের পরিবারের কাছে ফিরতে পারলেন রাজু ঘোষ। হারিয়ে যাওয়া এক মানুষের ঘরে ফেরার এই ঘটনায় খুশির আবহ ছড়িয়েছে এলাকাজুড়ে।