বাড়ির ছেলে রাজ্য পুলিশে কর্মরত। সেই বাড়িতেই আলমারি ভেঙে চুরি। আলমারির লকার ভেঙে সোনাগয়না, নগদ টাকা নিয়ে পালাল চোর। সব মিলিয়ে খোয়া গেল প্রায় চার লক্ষ টাকা।
নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জ থানা এলাকার চৌগাছা-কুমারপুর গ্রামের ঘটনা। মঙ্গলবার বাড়ির কর্তা অশোক বিশ্বাস বৌমাকে নিয়ে মাজদিয়ায় একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেেন। ছেলে অঙ্কুর বিশ্বাস হাওড়ার উলুবেড়িয়া থানার কনস্টেবল। সেখানেই রয়েছেন তিনি। বাড়িতে সেই সময়ে একাই ছিলেন অশোকের স্ত্রী। রাতে তিনি পাড়ার একটি কালীপুজোর অনুষ্ঠানে কিছু ক্ষণের জন্য গিয়েছিলেন বাড়িতে তালা দিয়ে। পরে ফিরে এসে দেখেন, দরজার তালা ভাঙা। তৎক্ষণাৎ পাড়ার লোকেদের ডাকেন। তার পরে ভিতরে গিয়ে দেখেন, গোটা ঘর লন্ডভন্ড। আলমারির লকার ভাঙা।
রাতেই কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে বিশ্বাস পরিবার। সেই মতো রাতেই ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে পুলিশ। অশোক বলেন, ‘সোনা আর নগদ মিলিয়ে চার লক্ষ টাকার উপরে খোয়া গিয়েছে।’ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার। অশোকের স্ত্রী বলেন, ‘পুলিশের বাড়িতে যদি এ রকম চুরি হয়, তা হলে সাধারণ মানুষের ঘরে এ ভাবে চুরি হবে!’