বিউ সরকার: ২০২৪ সালের ১৩ এপ্রিল লেকটাউনে এক বন্ধুর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র সৃঞ্জয় দের নিথর দেহ। আর জি কর হাসপাতালে ময়নাতদন্তের পর রিপোর্টে জানানো হয়, তরুণ ছাত্রটি আত্মহত্যা করেছেন।
কিন্তু সেই তত্ত্ব মানতে নারাজ হরিণঘাটার বাসিন্দা তথা মৃতের বাবা যদু দে। বুধবার ‘জনতার দরবারে’ হাজির হয়ে তিনি সরাসরি আঙুল তুললেন রাজ্যের তৎকালীন মন্ত্রী সুজিত বসুর দিকে।
যদুবাবুর অভিযোগ, ধামাচাপা দেওয়া হয়েছে তাঁর ছেলের মৃত্যুর আসল কারণ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে খুনকে আত্মহত্যা বলে চালানো হয়েছে।
এ দিন ক্ষোভে ও যন্ত্রণায় ভেঙে পড়ে মৃতের বাবা দাবি করেন, সৃঞ্জয়ের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাঁকে নির্মমভাবে মারধর করে খুন করা হয়েছে। তৎকালীন মন্ত্রী সুজিত বসুর ক্ষমতার দাপট ও প্রশাসনের ওপর তাঁর প্রভাবের কারণেই পরিবারটি আজ পর্যন্ত সুবিচার পায়নি বলে অভিযোগ যদুবাবুর।
একই সঙ্গে এই মৃত্যুর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেছেন তিনি। তাঁর কথায়, “আমার ছেলে নরেন্দ্র মোদির পক্ষে ডিবেট (তর্ক) করত। সেই কারণেই ওকে খুন করেছে তৃণমূল।”
তৎকালীন মন্ত্রীর বিরুদ্ধে ওঠা এই মারাত্মক অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। প্রশাসন বা অভিযুক্ত নেতার পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।