• 'জনতার দরবার' থেকে বড় বার্তা শুভেন্দুর!
    আজকাল | ১৫ জুলাই ২০২৬
  • বিউ সরকার: জনতা দরবার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কামদুনির সুবিচার থেকে শুরু করে ভোট-পরবর্তী হিংসা এবং রাজ্যের শিল্প বিনিয়োগ- প্রতিটি ক্ষেত্রেই সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি।

    কামদুনি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় তাঁর অবস্থান প্রথম থেকেই অত্যন্ত স্পষ্ট। বারাসত আদালত অপরাধীদের ফাঁসির সাজা শোনালেও, রাজ্যের তৎকালীন সরকারের সরকারি আইনজীবী (পিপি) পরিবর্তনের জেরে হাইকোর্টে অভিযুক্তরা বেকসুর খালাস পেয়ে যায়।

    বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের অধীনে রয়েছে। নির্যাতিতার পরিবার সেখানে আপিল করেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, বিষয়টি এখন আর রাজ্য সরকারের এক্তিয়ারে নেই। তবে সর্বোচ্চ আদালতে কামদুনির পরিবার যাতে সঠিক বিচার পায়, তার জন্য রাজ্য সরকার সব রকমভাবে তাঁদের পাশে থাকবে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পরামর্শও দেওয়া হয়েছে।

    অন্যদিকে, লেকটাউনে সৃঞ্জয় দের মৃত্যু প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী কড়া অবস্থান নেন। তিনি জানান, জনতা দরবারে মানুষ অনেক আশা ও প্রত্যাশা নিয়ে আসেন। সংবাদমাধ্যমের সামনে মুখ খোলার চেয়ে কাজ করে দেখানোই তাঁর প্রধান লক্ষ্য। তিনি যা বলবেন, তা প্রশাসনকে করে দেখাতে হবে। 

    ইতিমধ্যেই সাধারণ সম্পাদকদের নিয়ে বেশ কয়েকটি জনতা দরবার করেছেন তিনি। কোন কোন বিষয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সংক্রান্ত ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ও আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

    ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় অভিযুক্ত ৯ জনের কাউকেই ছাড় দেওয়া যাবে না। আক্রান্ত পরিবারগুলি যাতে দ্রুত বিচার পায়, সরকার তা নিশ্চিত করবে। 

    পাশাপাশি, পূর্বতন পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দায়িত্ব নেওয়ার আগেই তাড়াহুড়ো করে চার্জশিট জমা দিয়ে মামলার ক্ষতি করেছিল স্থানীয় পুলিশ। তবে এবার থেকে পুলিশ সম্পূর্ণ আইন মেনে পদক্ষেপ করবে।

    অন্যদিকে, মেজিয়া-সহ একাধিক প্রকল্পে প্রায় ১৫ হাজার কোটি টাকার বিপুল বিনিয়োগ আসতে চলেছে রাজ্যে। আগামী ১৭ তারিখের কর্মসূচির পাশাপাশি, ১৯ তারিখ সমবায় মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে ‘আমূল’-এর নতুন কারখানার। এখানেই শেষ নয়, আগামী আগস্ট মাসে রাজ্যে আরও ৪ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ আসতে চলেছে বলেও আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • Link to this news (আজকাল)