• কত সংখ্যক মামলা রয়েছে? জানতে কলকাতা হাইকোর্টের দুয়ারে সাংসদ অভিষেক
    দৈনিক স্টেটসম্যান | ১৫ জুলাই ২০২৬
  • একের পর এক অভিযোগ। আর তার জেরে একের পর এক মামলা। আর এই বিস্তর মামলার জেরে জর্জরিত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিন্তু মামলার সংখ্যাটা ঠিক কত? বুধবার সেই তথ্যই তলব করল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক থানায় কী মামলা সেটার রিপোর্ট দিতে পুলিশকে মৌখিক নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর নামে এখনও পর্যন্ত কতগুলি এফআইআর হয়েছে সেটার হিসাব চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের সাংসদের বক্তব্য, তাঁর নামে কতগুলি এফআইআর হয়েছে সেটা জানান রাজ্যের ডিজিপি। ওই মামলায় রাজ্যের থেকে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট।

    এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কলকাতা হাইকোর্টে জানান, তাঁর মক্কেল একজন রাজনৈতিক নেতা। আর তাই প্রতিহিংসা করেই অনেকে মামলা করছে। আর তা নিয়ে একাধিকবার পুলিশ তাঁকে তলব করছে। পুলিশের কাছে গেলেও হয়রানির শিকার হতে হবে এমন আশঙ্কা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এফআইআর নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে অভিষেকের আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ এবং অয়ন ভট্টাচার্যের বক্তব্য, ‘অভিষেক রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই প্রতিহিংসাপরায়ণ হয়ে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে।’

    অন্যদিকে ডায়মন্ডহারবারের সাংসদের আইনজীবীদের দাবি, অভিষেকের বিরুদ্ধে এখনও পর্যন্ত আটটি এফআইআর করা হয়েছে। আরও কতগুলি মামলা আছে সেটা জানা নেই। তাই সেই সংখ্যা জানানোর আবেদন করছি। এই সওয়াল শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ‘পুলিশের কাছ থেকে রিপোর্ট আসার পরই সব অভিযোগ নিয়ে বক্তব্য জানানো হবে। আমি ইতিমধ্যেই রক্ষাকবচ দিয়েছি। তাহলে পুলিশ ডাকলে অসুবিধা কোথায়? মামলার কোন গ্রহণযোগ্যতা নেই।’

    তাছাড়া রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতি সৌগত ভট্টাচার্ষের প্রশ্ন করেন, তাঁরা কী রিপোর্ট দিতে চান? জবাবে রাজ্যের আইনজীবী বলেন, ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করা হচ্ছে। কোনও রাজনৈতিক প্রতিহিংসা থেকে কাজ করা হচ্ছে না।’ অভিষেকের আইনজীবী জানান, রোজ নতুন নতুন এফআইআর করা হচ্ছে। সেসবের তালিকা দেওয়া হোক। কটি এফআইআর করা হয়েছে? এখনও পর্যন্ত আটটি কেস আছে। এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আগামী বুধবার ২২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। এখনও পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে যে আটটি এফআইআর হয়েছে সে সংক্রান্ত রিপোর্ট দিতে হবে রাজ্যকে। পুলিশকে রিপোর্ট জমা করার মৌখিক নির্দেশও দিয়েছেন বিচারপতি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)