• ধর্মতলায় ‘না’ আদালতেরও, ‘কালীঘাট তৃণমূলে’র ২১ জুলাই কোথায়? রাজ্যের অবস্থান জানতে চাইল কোর্ট
    প্রতিদিন | ১৫ জুলাই ২০২৬
  • ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই (TMC 21 July) সমাবেশের অনুমতি পেল না কালীঘাট তৃণমূল। মমতা গোষ্ঠীর দায়ের করা মামলায় বুধবার এ কথা স্পষ্ট করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের পর্যবেক্ষণের পর বিকল্প জায়গার কথা জানিয়েছে মমতাপন্থী তৃণমূল। এই বিষয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়েছে আদালত। সাড়ে ১২ টার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

    ধর্মতলায় সভা করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমতি চায় কালীঘাট তৃণমূল। তারপর মামলা করে কলকাতা হাই কোর্টে। তাদের দাবি ছিল, পুলিশের তরফে কোনও জবাব না মেলায় তারা মামলা করেছে। ঘটনাচক্রে, তারপরই পুলিশ মমতাপন্থী তৃণমূলকে জানিয়ে দেয়, তারা ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না। এ দিকে আজ, বুধবার মামলাটি ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। আদালতও জানিয়ে দেয় ধর্মতলায় সভা করা যাবে না।

    ২১ জুলাই শহিদ মিনারে কংগ্রেস কর্মসূচি করবে। ঋতব্রত তৃণমূল গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি পেয়েছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথায় অনুমতি দেওয়া হবে? সেই নিয়ে রাজ্যকে অবস্থান জানতে চেয়েছে হাই কোর্ট।

    রাজ্যের বক্তব্য, ইতিমধ্যে অন্য দু’টি কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে। এই অবস্থায় ধর্মতলা বা সংলগ্ন এলাকায় কর্মসূচি হলে তা খুবই কাছাকাছি হয়ে যাবে। বিচারপতি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে পর্যাপ্ত বাহিনী রাখলেও কি সমস্যা হবে? রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হাজরা মোড়ে কালীঘাটপন্থীদের ২১ জুলাই করার প্রস্তাব দেন। কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পালটা বিকল্প জায়গার কথা বলেছেন। ডোরিনা ক্রসিং বা এসপ্ল্যানেড পূর্ব অথবা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে কর্মসূচির কথা বলেছেন তিনি। তা শুনে বিচারপতি জানান, রাজ্যের কাছে তৃতীয় বিকল্প রয়েছে। দুপুরে সিদ্ধান্ত নিয়ে জানাক।
  • Link to this news (প্রতিদিন)