• ২৫০০ মানুষ, সময় ৩ ঘণ্টা! তারামণ্ডলের সামনে মমতাপন্থীদের ২১শে সমাবেশের অনুমতি আদালতের 
    প্রতিদিন | ১৫ জুলাই ২০২৬
  • বিড়লা প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডলের সামনে ২১ জুলাই সমাবেশের অনুমতি পেল কালীঘাট তৃণমূল। তবে শর্ত সাপেক্ষে সেই অনুমতি দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভা করা গেলেও ২৫০০ বেশি জমায়েত করা যাবে না। ১২টা থেকে সাড়ে ৩টের মধ্যে সভা করতে হবে। পুরো রাস্তাজুড়ে সভা করা যাবে না। এমনই নির্দেশ দিয়েছে আদালত।

    ২১ জুলাই নিয়ে কালীঘাটপন্থী তৃণমূলের (TMC 21 July Rally) দায়ের করা মামলার শুনানি হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। ধর্মতলায় সভা করা যাবে না জানিয়ে রাজ্যের কাছে বিকল্প জায়গা জানতে চায় আদালত। আদি তৃণমূলও বিকল্প জায়গার প্রস্তাব দেয়। তার মধ্যে তারামণ্ডলও ছিল। তারপরই বিচারপতি তারামণ্ডলের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছেন। তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত। বিচারপতির নির্দেশ, একধারে মিটিং হবে। অন্য ধারে গাড়ি চলাচল করবে। দুপুর ১২টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত মিটিং করা যাবে।  ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে হবে। আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় তা দেখবে পুলিশ। ১৮ জুলাই ৪টের মধ্যে আয়োজকদের নাম ও মোবাইল নম্বর জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে জানাতে হবে বলে জানিয়েছে আদালত।

    ধর্মতলায় সভা করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমতি চায় কালীঘাট তৃণমূল। তারপর মামলা করে কলকাতা হাই কোর্টে। তাদের দাবি ছিল, পুলিশের তরফে কোনও জবাব না মেলায় তারা মামলা করেছে। ঘটনাচক্রে, তারপরই পুলিশ মমতাপন্থী তৃণমূলকে জানিয়ে দেয়, তারা ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না। লালবাজারে তা নিয়ে আলোচনা হয়  কালীঘাটপন্থীদের। সেখানে তাঁদের হাজরা মোড়ে সমাবেশের কথা বলা হয়।  মমতাপন্থীরা তা মানেননি। এ দিকে আজ, বুধবার মামলাটি ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। আদালতও জানিয়ে দেয় ধর্মতলায় সভা করা যাবে না। তারপরই এই বিষয়ে রাজ্যের অবস্থান জানতে চায় আদালত। রাজ্যের জবাব জানার পরই, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভার অনুমতি দিয়েছেন বিচারপতি।

    উল্লেখ্য, ২১ জুলাই শহিদ মিনারে কংগ্রেস কর্মসূচি করবে। ঋতব্রত তৃণমূল গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি পেয়েছে। এবার মমতাকে অনুমতি দেওয়া হল বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। আদালতের এই সিদ্ধান্তে বহু বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবস পালনের স্থান বদল হল।
  • Link to this news (প্রতিদিন)