• সব মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতে অভিষেক, কতগুলি মামলা রয়েছে? রাজ্যের জবাব চাইল হাই কোর্ট
    প্রতিদিন | ১৫ জুলাই ২০২৬
  • রাজ্যে পালাবদলের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে একের পর অভিযোগ। সেবাশ্রয় থেকে ডিজে মামলা, তৃণমূলের সই কাণ্ড-সহ একাধিক মামলা হয়েছে। এবার তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে কত মামলা রয়েছে তা জানতে চেয়েছে আদালত। বুধবারের মধ্যে রাজ্যের কাছে জবাব তলব করেছে উচ্চ আদালত।

    সেবাশ্রয়, বিভিন্ন দুর্নীতি, ডিজে মামলা-সহ একাধিক মামলায় জর্জরিত অভিষেক। রাজ্যের একাধিক থানায় অভিযোগ রয়েছে। একাধিক মামলার তদন্তে সিআইডি, রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন তিনি। ডিজে ও সই জাল মামলায় আদালতের রক্ষাকবচ রয়েছে অভিষেকের কাছে। এবার বাকি সব মামলায় রক্ষাকবচ চাইলেন তিনি। মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠেছে। কত মামলা রয়েছে তা জানতে চেয়েছে আদালত।

    উল্লেখ্য, আদালতের ধমকের পর আজ, বুধবার ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই ‘ডিজে মামলা’য় চাপে অভিষেক। একবার সিআইডি তলবে হাজিরা দিলেও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা উঠতেই আদালতে ছোটেন ‘যুবরাজ’। বিতর্কিত ডিজে মন্তব্য তাঁর-ই, স্বীকার করে নেন অভিষেক। কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে তিনি প্রশ্ন তোলেন, স্বীকার করে নেওয়ার পরও নমুনা সংগ্রহের প্রয়োজন কী? সেই মামলায় অভিষেককে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বলেন, ‘‘কখন কণ্ঠস্বরের নমুনা দেবেন? সব কিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষাকবচ প্রত্যাহার করব। নোটিসে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন। না হলে মামলা খারিজ করে জরিমানা করব।’’

    অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, ‘‘রক্ষাকবচের নির্দেশ প্রত্যাহার করব? হ্যাঁ কি না, উত্তর দিন। না হলে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন।’’ এরপরই ২ টি আবেদন করা হয় অভিষেকের তরফে। প্রথমত, যেন এই কণ্ঠস্বর অন্য মামলায় ব্যবহার করা না হয়। দ্বিতীয়ত, ডিম যেন না ছোড়া হয়। অর্থাৎ অভিষেকের আশঙ্কা রয়েছে ডিজে মামলার নামে কণ্ঠস্বর নেওয়া হলেও নিয়োগ দুর্নীতি-সহ অন্যান্য মামলাতেও তা ব্যবহার করা হতে পারে। এবার সব মামলায় রক্ষাকবচ চাইলেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)