• এক বছরেই সব হিসেব ওলটপালট! গত বছর উদ্বোধন করেছিলেন মমতা, এবার দিঘার রথযাত্রার সূচনা করবেন কে?
    News18 বাংলা | ১৫ জুলাই ২০২৬
  • মাঝে মাত্র এক বছরের ব্যবধান৷ তাতেই বদলে গিয়ে গোটা রাজ্যের রাজনৈতিক সমীকরণ৷ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর ধুমধাম করে গতবছর রথযাত্রার আয়োজন হয়েছিল দিঘায়৷ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিঘায় গিয়ে রথের রশিতে টান দিয়ে রথযাত্রার উদ্বোধন করেছিলেন৷

    কিন্তু বিধানসভা ভোটের পর গোটা রাজ্যের পরিস্থিতিই উল্টে গিয়েছে৷ এবারেও দিঘায় রথযাত্রার আয়োজন করা হয়েছে৷ এবার দিঘার রথযাত্রার উদ্বোধন করতে চলেছেন কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী৷ সম্পর্কে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা৷৷

    আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই দেশ জুড়ে টান পড়বে জগন্নাথ দেবের রথের রশিতে। এই পুণ্য তিথিকে কেন্দ্র করে সৈকত শহর দিঘায় এখন উন্মাদনা ও প্রস্তুতি একেবারে তুঙ্গে। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ দিঘার রথযাত্রাকে আকর্ষণীয় এবং নিরাপদ করতে প্রশাসনের নজরদারিতে জোড় কদমে চলছে শেষ মুহূর্তের কাজ। রথকে অপরূপ রূপ দিতে চলছে রকমারি ফুলের কাজ ও বর্ণময় আলোর রোশনাই।

    রথযাত্রার আগের দিন আজ জগন্নাথ দেবের দর্শন করতে পেরে আনন্দিত ও আপ্লুত দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থী ও স্থানীয় ভক্তরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে,এ বছরে দিঘার রথের রশিতে টান দিয়ে উৎসবের শুভ সূচনা করবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী।সব মিলিয়ে, দিঘার জগন্নাথ মন্দিরে এখন সাজো সাজো রব। ভক্ত ও পর্যটকদের ভিড় সামাল দিতে এবং উৎসবকে শান্তিপূর্ণ রাখতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

    রাজ্যে পালাবদলের পরই দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বড় পদক্ষেপ করেছে শুভেন্দু অধিকারীর সরকার৷ দিঘার মন্দিরের নাম থেকে ধাম শব্দটি বাদ দিয়েছে রাজ্য সরকার৷ প্রসঙ্গত, জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরই ওড়িশা সরকারের পক্ষ থেকে পূর্বতন সরকারকে দিঘার মন্দিরে ধাম শব্দটির ব্যবহার নিয়ে আপত্তি জানানো হয়েছিল৷
  • Link to this news (News18 বাংলা)