অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর ভাঙচুর থেকে শুরু করে বাড়িতে ঢুকে মজুত ধান নিয়ে যাওয়া এক রাতে পরপর দুই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাতাবাড়ি ও পশ্চিম বাতাবাড়ি এলাকায়। গভীর রাতে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, খরিয়ার বন্দর জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে প্রথমে বাতাবাড়ি ব্যাংক পাড়া এলাকায় প্রবেশ করে। সেখানে ২২০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘরের দেওয়াল ভেঙে ফেলে। ক্ষতিগ্রস্ত হয় রান্নার উনুনও। পাশাপাশি একটি বেসরকারি বিদ্যালয়ের গেটও ভেঙে দেয় হাতিটি।
ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর হাতিটি পশ্চিম বাতাবাড়ির দিকে চলে যায়। সেখানে বাবলু ওরাওঁ নামে এক বাসিন্দার বাড়ির বেড়া ভেঙে ঘরে ঢুকে পড়ে। ঘরে রাখা ধানসহ ডুলি তুলে নিয়ে যায় বলে অভিযোগ। আচমকা হাতির হামলায় বাড়ির সদস্যরা প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদফতরের খুনিয়া স্কোয়াড। বনকর্মীদের তৎপরতায় রাতেই হাতিটি পুনরায় খরিয়ার বন্দর জঙ্গলের দিকে ফিরে যায় বলে জানা গিয়েছে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা জমিলা খাতুন জানান, রান্নাঘরের দেওয়াল ভেঙে পড়ায় পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে।বনদফতর সূত্রে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। সরকারি নিয়ম মেনেই ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। তবে বারবার এমন ঘটনার জেরে এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের দাবি, জঙ্গল সংলগ্ন এলাকায় নজরদারি আরও বাড়ানো হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।