বিছানায় গৃহবধূর দেহ, পাশে ৮ মাসের কন্যা! আলিপুরদুয়ারে গৃহবধূ খুনের কিনারা, ধৃত প্রতিবেশী যুবক
News18 বাংলা | ১৫ জুলাই ২০২৬
বিছানার উপরে পড়েছিল মায়ের দেহ৷ পাশে গরমের মধ্যেও লেপ, কাঁথা চাপা দেওয়া অবস্থায় পড়েছিল ৮ মাসের শিশুকন্যা৷ গত শনিবার রাত ৯টা নাগাদ আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়া এলাকায় গৃহবধূর রহস্যমৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল৷
চার দিনের মধ্যেই সেই খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার পুলিশ৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের দাবি, বাড়িতে চুরির ঘটনা দেখে ফেলাতেই বছর ৩৭-এর ওই গৃহবধূকে খুন করে তাঁরই প্রতিবেশী আসরফ আলি নামে ওই যুবক৷
গত শনিবার রাতে আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়া আইটিআই মোড়ে নিজের বিছানাতেই খুন হন লায়লা বিবি নামে ৩৭ বছরের গৃহবধু । মহিলাকে খুন করে পাশেই মহিলার ৮ বছর বয়সের শিশুকে লেপ, কাঁথা চাপা দিয়ে রাখা হয়েছিলো। শিশুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা।
ওই ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে প্রতিবেশী যুবক ওই বাড়িতে রাখা টাকা পয়সা চুরি করতে যায়। বাড়িতে থাকা টোটো গাড়ির ব্যাটারি চুরিরও উদ্দেশ্য থাকতে পারে ওই যুবকের। কিন্তু ওই গৃহবধু ওই যুবককে দেখে চিনে ফেলায় প্লাস্টিকের দড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই গৃহবধুকে খুন করে অভিযুক্ত আসরফ আলি। তবে পুলিশ এই ঘটনার আরও গভীরে যেতে চাইছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে খুনের পিছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
বীরপাড়ার আইটিআই মোড় অপরাধ প্রবণ এলাকা বলে পরিচিত। একজন মহিলাকে ঘরে ঢুকে এক যুবক খুন করে চলে গেল, অথচ আশপাশের কেউ কেন টের পেলেন না, এই বিষয়টিও ভাবিয়ে তুলেছে তদন্তকারী অফিসারদের৷