• ভাঙন আর জলোচ্ছ্বাসের দিন শেষ? মুখ্যমন্ত্রীর নির্দেশে মেগা প্রজেক্ট, দিঘা বাঁচাতে বিরাট প্ল্যান
    News18 বাংলা | ১৫ জুলাই ২০২৬
  • : রাজ্যের মধ্যে অন্যতম দীর্ঘ উপকূলবর্তী অঞ্চল রয়েছে পূর্ব মেদিনীপুরে। একদিকে বঙ্গোপসাগর অন্যদিকে নানা নদ-নদীর উপকূল জেলা জুড়ে। প্রতিবছর বর্ষার সময়ে এই উপকূলবর্তী অঞ্চলে ভাঙন লক্ষ্য করা যায়। সমুদ্র উপকূলের বিভিন্ন জায়গা প্রতিবছর উপকূল ভেঙে এগিয়ে আসছে সমুদ্র। তাই এবার পূর্ব মেদিনীপুর জেলায় উপকূল রক্ষায় জোর দিল প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জেলার উপকূল রক্ষায় ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তোলার কাজ শুরু করছে বন দফতর। পূর্ব মেদিনীপুর জেলা বন দফতর প্রাথমিক পর্যায়ে ৩০০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তোলার কাজ শুরু করল। বন দফতরের লক্ষ্য রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় এক হাজারেরও বেশি জায়গায় ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তোলার।

    ম্যানগ্রোভ বনাঞ্চল উপকূলবর্তী এলাকার প্রাকৃতিক রক্ষাকবজ। বিভিন্ন ঝড় ঝাপটা বা সামুদ্রিক জলোচ্ছ্বাসকে রোধ করতে পারে ম্যানগ্রোভ। এছাড়া ম্যানগ্রোভ উপকূলের মাটি দূষণ ও জল দূষণ রোধে সাহায্য করে। এর পাশাপাশি উপকূলের জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখে ম্যানগ্রোভ। যার অন্যতম উদাহরণ সুন্দরবন। পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকা হলেও এই এলাকার সমুদ্র উপকূলে স্বাভাবিক ম্যানগ্রোভ বনাঞ্চল খুব বেশি নেই। বিশেষ করে দিঘা-সহ পার্শ্ববর্তী এলাকায় ম্যানগ্রোভ বনাঞ্চল সেভাবে নেই। একসময় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ বনাঞ্চল দেখতে পাওয়া গেলেও নিয়মে তা ক্রমশ বিলীন হচ্ছে। ফলে ফলে উপকূলবর্তী অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এবার প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরি কাজ শুরু হয়েছে।

    পূর্ব মেদিনীপুর জেলার উপকূল ভূ-ভাগকে রক্ষায় ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরির বিষয়ে পূর্ব মেদিনীপুর পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত জানান, “মুখ্যমন্ত্রীর নির্দেশে অরণ্য সপ্তাহে জেলার উপকূল বিভাগ রক্ষার জন্য ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তোলার কাজ শুরু হয়েছে। জেলা বন দফতর দিঘা ও তৎসংলগ্ন সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রাকৃতিক রক্ষাকবচ হিসাবে ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ার কাজ শুরু হয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন খালপাড় ও অন্যান্য জায়গায় গাছ লাগানো হবে।” পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগ থেকে জানা যায় প্রাথমিকভাবে দিঘা সংলগ্ন এলাকায় ১০০ হেক্টর জায়গা বেছে নেওয়া হয়েছে। এরপর আরও ২০০ হেক্টর জায়গায় ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তোলার জন্য ডিপিআর তৈরি করা হয়েছে।

    রাজ্য বন দফতরের পশ্চিম সার্কেলের প্রধান বন সংরক্ষক, ডঃ এস. কুলান্ডইভাল জানান, বর্ষাকালে ম্যানগ্রোভ লাগানো যায় না। ম্যানগ্রোভ লাগানোর সময় বর্ষার পর। আমরা এই জেলায় ৮৫০ হেক্টর জায়গায় ম্যানগ্রোভ লাগানোর কাজে এগোচ্ছি। আগামী দিনে তা বাস্তবায়িত হবে। এখানকার জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আমাদেরকে সাহায্য করেছে। ইয়াস ঘূর্ণিঝড়ের সময় তীব্র জলোচ্ছ্বাস আছড়ে পড়েছিল উপকূল ছাপিয়ে লোকালয়ে। বিশেষজ্ঞদের ধারণা পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলে ম্যানগ্রোভ বনাঞ্চল থাকলে অনেকটাই আটকান যেত। সমুদ্র উপকূলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক বিপর্যয় রক্ষা করতে ম্যানগ্রোভ প্লান্টেশনের কাজ অরণ্য সপ্তাহ পালনের অন্যতম লক্ষ্য।
  • Link to this news (News18 বাংলা)