: ঘুমের মধ্যেই প্রাণঘাতী হামলা! বাড়ির জানালায় চড়ে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচক থানার সুজাপুরের দক্ষিণ চাশপাড়া এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম, রহিমুল শেখ (৩০)। বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কাজ সেরে বাড়ি ফিরে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছিলেন রহিমুল। অভিযোগ, রাত প্রায় ১টা নাগাদ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বাড়ির জানালার কাছে এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও কানের গোড়ায় এলোপাথাড়ি কোপ মারে। গুরুতর জখম অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে কলকাতায় স্থানান্তরের পরামর্শ দেন। তবে কলকাতায় নিয়ে যাওয়ার পথে বেলডাঙা এলাকায় তাঁর মৃত্যু হয়।
মৃতের শ্বশুর সোহরাব মোমিন জানান, “রাতে স্বামী-স্ত্রী দুজনেই ঘুমিয়ে ছিলেন। আচমকা জানালা দিয়ে হামলা চালানো হয়। রহিমুল স্থানীয় একটি ধরম কাঁটায় কাজ করতেন। কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।”
মৃতের দাদা বাবুল শেখ বলেন, “রাত দেড়টা নাগাদ ফোনে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। এরপর আহত রহিমুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।”
ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই হামলা এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।