• ‘অভিষেক খারাপ? এসব বাহানা’, বিদ্রোহী তৃণমূলকে একহাত নিলেন মমতা
    এই সময় | ১৫ জুলাই ২০২৬
  • মে মাসে ফলপ্রকাশের পরেই ভাঙন ধরেছে তৃণমূলে। ৬০-এর বেশি বিধায়ক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিদ্রোহীদের দলে নাম লিখিয়েছেন। সর্বশেষ সংযোজন মদন মিত্র। প্রত্যেকেরই অভিযোগের আঙুল দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। বুধবার ফেসবুক লাইভে এসে অভিষেকের সমর্থনে দাঁড়ালেন মমতা। সোজাসুজি বলে দিলেন, ‘এ সব দল ছাড়ার বাহানা মাত্র।’

    বিদ্রোহী তৃণমূল শিবিরের অভিযোগ, অভিষেক দলে একনায়কতন্ত্র চালাতেন। শুধু তাই নয়, হারের জন্যও তৃণমূল সাংসদের দিকে আঙুল তুলেছেন তাঁরা। তবে এ দিন অভিষেকের পাশে দাঁড়িয়ে মমতা বললেন, ‘অভিষেক খারাপ এটা বাহানা।’ নাম না করে মদনের প্রসঙ্গও টেনে আনেন মমতা। তাঁর কথায়, ‘আজ একজন চলে গেছে। আমার কোনও দুঃখ নেই। কালকেই মেসেজ করেছিল, গোটা পরিবারকে ইডি সমন পাঠিয়েছে। এটাই আসল কারণ।’

    ২০২২-এ কয়লা পাচার কাণ্ডের তদন্তে অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। দুই বছরের সন্তানকে নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তিনি। রুজিরাকে উদাহরণ হিসেবে তুলে আনেন মমতা। বিদ্রোহী শিবিরকে তীব্র কটাক্ষের সুরে বলেন, ‘রুজিরা বাচ্চা কোলে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিল। আপনারা পারেন না। এ সব বাহানা দেবেন না।’ মমতার সাফ কথা, ‘অভিষেক আজও বাঘের মতো লড়ে যাচ্ছে।’

    ডিজে বাজানো মন্তব্য নিয়েও অভিষেকের পাশে দাঁড়িয়েছেন মমতা। বিধানসভা ভোটের আগে তৃণমূল সাংসদ বলেছিলেন, ‘৪ তারিখের পরে ডিজে বাজাব।’ ওই মন্তব্যে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে তুলে তদন্ত শুরু করেছে সিআইডি। তলবও করা হয়েছিল তাঁকে। কিন্তু অভিষেক হাজিরা দেননি বলে অভিযোগ। শেষে কলকাতা হাইকোর্টের ধমক খেয়ে এ দিন বিধাননগর আদালতে ভয়েস স্যাম্পল জমা দিতে যান। মমতা অবশ্য বলছেন, ‘ডিজে তো সবাই বাজায়।’ অমিত শাহকেও একহাত নিয়ে বলেন, ‘আপনিও তো অনেক কিছু বলেছিলেন। ভোটের সময়ে হয়েছে। বিষয়টা সেই ভাবেই নিন। আপনারা বললে, আমরা কাউন্টার করব না?’

    তবে বিধানসভা ভোটের হার এখনও স্বীকার করতে নারাজ মমতা। এ দিনও তিনি বলেন, ‘আমাদের জোর করে হারানো হয়েছে।’ বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘অসামাজিক লোকেদের হাতে বাংলার ক্ষমতা চলে গিয়েছে। জোর করে ক্ষমতায় এসেছেন, এ বার কাজ করুন।’ দুর্যোধন-দুঃশাসনের মতো আচরণ করলে তিনি যে চুপ করে বসে থাকবেন না বলেও হুঁশিয়ারি দেন মমতা।

  • Link to this news (এই সময়)