রেল বা বিমানের টিকিট পাওয়ার অনিশ্চয়তার ঝক্কি এড়িয়ে এ বার বিলাসবহুল ভলভো বাসে সড়কপথেই পৌঁছে যাওয়া যাবে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু এবং পুরীর মতো দূরবর্তী গন্তব্যে। এ বিষয়ে উদ্যোগী হয়েছে বেসরকারি বাস পরিবহন সংস্থা ‘শ্যামলী’। বুধবার সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাসে এক অনুষ্ঠানে এই নতুন পরিষেবার উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
শমীক বলেন, ‘বর্তমান সরকার যাত্রী পরিষেবায় স্বাচ্ছন্দ্য আনতে উদ্যোগী হয়েছে।’ এ দিনের অনুষ্ঠান থেকে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং বেসরকারি বাস মালিকদের উদ্দেশে জানান, তীর্থস্থান গুলোতে বাস চালান। কোথাও দালালের কাছে যেতে হবে না। যাবতীয় সহযোগিতা করা হবে।’ একইসঙ্গে রাজ্যের বাস ডিপোগুলি নতুন করে সাজানো হবে বলে ঘোষণা করেছেন পরিবহণ মন্ত্রী।
বেসরকারি ওই পরিবহণ সংস্থার দাবি, দীর্ঘ দূরত্বের যাত্রায় বিমানের মতো আরামদায়ক ও নিরাপদ অনুভূতি দিতেই এই প্রিমিয়াম বাসগুলি আনা হয়েছে। অত্যাধুনিক ডিজাইনের এই ভলভো কোচগুলিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য রয়েছে খোলামেলা ও আরামদায়ক আসন, বায়ো-টয়লেট এবং সিসিটিভি ক্যামেরা ও জিপিএস ট্র্যাকিংয়ের মতো আধুনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এ ছাড়া যাত্রাপথে বিনোদন ও কাজের সুবিধার জন্য বাসের ভিতরে থাকছে ওয়াই-ফাই সংযোগ ও চার্জিং পয়েন্টের ব্যবস্থাও। সপ্তাহে সাত দিনই এই বাসগুলো যাতায়াত করবে।
কলকাতা থেকে দিল্লি পৌঁছাতে সময় লাগবে ২৪ ঘণ্টা, যার জন্য নুন্যতম ভাড়া ধরা হয়েছে ২০০০ টাকা। এ ছাড়া, কলকাতা থেকে বেঙ্গালুরু পৌঁছাতে সময় লাগবে ৩৫ ঘণ্টা, মাথাপিছু নুন্যতম ভাড়া ৪৫০০ টাকা। একইভাবে কলকাতা থেকে চেন্নাইয়ের জন্য সময় লাগবে ২৪ ঘণ্টা, নুন্যতম ভাড়া ৪৭০০ টাকা। মাত্র ৮ ঘণ্টায় কলকাতা থেকে পুরী পৌঁছনোর জন্য বাসের নুন্যতম ১৫০০ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অরুণ কুমার ঘোষ বলেন,‘দূরপাল্লার বাসে যাতে বাড়ির মতো আরাম পাওয়া যায়, সেই চেষ্টাই করা হয়েছে।’