• জঙ্গল, মন্দির আর বর্ষার টইটুম্বুর তিস্তার ছোঁয়া! বোধাগঞ্জ গৌরীকন যেন কবিতা, পর্যটকদের টানবে তো?
    News18 বাংলা | ১৬ জুলাই ২০২৬
  • এই জঙ্গলের ভিতরে ঢুকতেই বদলে যায় পরিবেশ। চারপাশে সবুজ, কানে ভেসে আসে পাখির ডাক, মুহূর্তেই অন্য এক জগতে পৌঁছে যাওয়ার অনুভূতি। এই প্রাকৃতিক আবহের মাঝেই লুকিয়ে রয়েছে বোধাগঞ্জ, গৌরীকন এলাকার পর্যটনের বিশাল সম্ভাবনা যা এখনও পুরোপুরি কাজে লাগানো যায়নি বলেই জানাচ্ছেন স্থানীয়রা।

    জঙ্গল মন্দির আর তিস্তার ছোঁয়ায় বোধাগঞ্জ, গৌরীকন কি হবে এবার উত্তরের নেক্সট হিডেন জেম। উত্তরবঙ্গের পরবর্তী ট্যুরিস্ট ডেস্টিনেশনের এই অঞ্চলের অন্যতম আকর্ষণ ভ্রামরী দেবী মন্দির, যা একান্ন সতীপীঠের মধ্যে একটি বলে পরিচিত। বছরের প্রায় প্রতিদিনই এখানে ভক্তদের আনাগোনা থাকে। মন্দির চত্বরে রয়েছে অন্নপূর্ণা মন্দির, আর একটু এগোলেই শালবনের মাঝে দুর্গা মন্দির সব মিলিয়ে ধর্মীয় পরিবেশে ভরপুর একটি পর্যটন চক্র তৈরি হয়েছে এখানে।

    অন্যদিকে, গৌরীকন এলাকায় পৌঁছলে চোখে পড়ে তিস্তা নদীর ধারে শান্ত পরিবেশ ও দেবী চৌধুরানীর শ্মশান কালী মন্দির। প্রকৃতি আর আধ্যাত্মিকতার এই মেলবন্ধন পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে। যদিও নদীর ধারে থাকা সরকারি কটেজগুলির বর্তমান অবস্থা বেশ খারাপ, যা পর্যটন উন্নয়নের পথে বড় বাধা।

    স্থানীয়দের মতে, সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নিলে এই পুরো অঞ্চলকে একটি সমন্বিত ট্যুরিস্ট সার্কিট হিসেবে গড়ে তোলা সম্ভব। উন্নত রাস্তা, পর্যাপ্ত আলো, নিরাপত্তা ও পরিষেবার ব্যবস্থা করা গেলে পর্যটকদের আগ্রহ আরও বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।  বোধাগঞ্জ গৌরীকন খুব দ্রুতই উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

    সংশ্লিষ্ট মহলের মতে, সঠিক প্রচার ও ডিজিটাল প্ল্যাটফর্মে এই এলাকার দৃশ্যমানতা বাড়ানো গেলে দেশ-বিদেশের পর্যটকদের নজর কেড়ে নেওয়া সম্ভব। সোশ্যাল মিডিয়া প্রচার, গাইডেড ট্যুর, স্থানীয় হস্তশিল্প ও খাদ্যসংস্কৃতিকে যুক্ত করা গেলে বোধাগঞ্জ গৌরীকন সাধারণ ভ্রমণস্থান হিসেবেই সীমাবদ্ধ থাকবে না, একটি পূর্ণাঙ্গ পর্যটন অভিজ্ঞতায় পরিণত হতে পারে। স্থানীয় মন্দির কমিটি দাবি রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু উন্নয়ন দরকার তাহলেই মানুষের আগ্রহ এবং গুরুত্ব বাড়বে এই মন্দিরের প্রতি এবং পর্যটন মানচিত্র জায়গা করে নেবেই মন্দির।
  • Link to this news (News18 বাংলা)