• বারাসাতে এবার আরও বড় আয়োজন ইসকনের রথযাত্রায়, কী কী থাকছে বিশেষ আকর্ষণ!
    News18 বাংলা | ১৬ জুলাই ২০২৬
  • বারাসাতে এবারের রথযাত্রাকে ঘিরে হচ্ছে জাঁকজমক প্রস্তুতি। ভোগ-প্রসাদ বিতরণ, ধর্মীয় অনুষ্ঠান, শোভাযাত্রা এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিকে সামনে রেখে এবারের রথযাত্রা আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা নিয়েছে ইসকন বারাসাত। সেই প্রস্তুতির মধ্যেই রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান পেয়ে স্বাভাবিকভাবেই খুশির আবহ ভক্তমহলে।

    বারাসাত জেলা শাসকের কার্যালয়ে থেকে ইসকন বারাসাতের প্রতিনিধিদের হাতে ৫ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক শংকর চ্যাটার্জী-সহ প্রশাসনের আধিকারিকরা। রাজ্য সরকারের উদ্যোগে এই অনুদান প্রদান করা হয়েছে, যাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঐতিহ্যবাহী রথযাত্রাগুলি আরও সুষ্ঠু ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা যায়। ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছরই বারাসাতে রথযাত্রা উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম হয়।

    এবছর সরকারি আর্থিক সহযোগিতা পাওয়ায় সেই আয়োজন আরও বিস্তৃত করা হবে। ভক্তদের জন্য ব্যাপক ভোগ-প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান, কীর্তন এবং বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের সুবিধার বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে। ইসকনের ভক্তরা জানান, রাজ্য সরকারের এই আর্থিক সহায়তা তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে রথযাত্রার আয়োজন আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে করা সম্ভব হবে। তারা আশা প্রকাশ করেন, এবারের রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব হিসেবেই নয়, সামাজিক সম্প্রীতি ও মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে।

    বিধায়ক শংকর চ্যাটার্জী বলেন, রাজ্য সরকার সব ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে সমান গুরুত্ব দিয়ে সহযোগিতা করছে। রথযাত্রা বাংলার একটি ঐতিহ্যবাহী উৎসব। তাই এই উৎসবকে আরও সাফল্যমণ্ডিত করতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সব মিলিয়ে সরকারি অনুদানকে কেন্দ্র করে বারাসাতে এবারের রথযাত্রা ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে। এবার এলাহী আয়োজনের মধ্যে দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথ বারাসতের রাজপথে নামার অপেক্ষায়।
  • Link to this news (News18 বাংলা)