• বিডিও অফিস চত্বরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে জুতোপেটা ! হল না সমিতির বোর্ড গঠন
    eTV Bharat | ১৫ জুলাই ২০২৬
  • সিউড়ি, 15 জুলাই: বিডিও অফিস চত্বরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও নেতাকে জুতোপেটা ! এমনকি বেধড়ক মারধর করার অভিযোগও উঠল বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে বুধবার বীরভূম জেলার সিউড়িতে৷

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সিউড়ি 1 নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ছিল৷ তৃণমূলের সদস্যরা উপস্থিত না থাকায় বোর্ড গঠন হয়নি৷ তারপরেই সিউড়ি 1 নম্বর বিডিও অফিসের বাইরে চায়ের দোকানে বসে থাকা তৃণমূল নেতাদের উপর বিজেপির নেতা-কর্মীরা চড়াও হন বলে অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সেখানে৷

    এদিকে বীরভূমের সিউড়ি 1 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ মণ্ডল পদত্যাগ করেছেন৷ পাশাপাশি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিয়া বিবি, শিক্ষা কর্মাধ্যক্ষ টুম্পা ভাণ্ডারীও ইস্তফা দিয়েছেন৷ এই পঞ্চায়েত সমিতিতে মোট 19 জন সদস্য৷ তার মধ্যে মাত্র 2 জন বিজেপির টিকিটে জয়ী সদস্য৷ তবে পঞ্চায়েত সমিতির সভাপতির পদত্যাগের পর বোর্ড ভেঙে যায়৷

    তৃণমূল ও বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন নতুন বোর্ড গঠনের দিন ছিল৷ বিজেপির জয়ী প্রতিনিধিদের সমিতির সভাপতি হিসাবে নির্বাচিত করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল৷ কিন্তু, এদিন অধিকাংশ তৃণমূল সদস্য গরহাজির ছিলেন বিডিও অফিসে৷ পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে আসবে, এই জন্য সকাল থেকেই বিডিও অফিসের বাইরে দলীয় নেতা-কর্মীরা জমায়েত হন৷ সেই সময় বিডিও অফিসের বাইরে একটি চায়ের দোকানে বসেছিলেন স্থানীয় মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সুবল দত্ত ও বিদায়ী পঞ্চায়েত সমিতির সভাপতির ভাই বিপদতারণ মণ্ডল৷ অভিযোগ, তাঁদের উপর চড়াও হয় বিজেপির লোকজন৷ বিডিও অফিস চত্বরেই বেধড়ক মারধর করা হয় তাঁদের৷ পঞ্চায়েত প্রধানকে জুতোপেটাও করা হয় বলে অভিযোগ৷

    যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল৷ বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই বলেন, "বিজেপির লোকজন মারামারি, ঝামেলা করে না৷ এদিন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের দিন ছিল৷ সবাইকে ডাকা হয়েছিল৷ আসেনি, তাই বোর্ড গঠন হয়নি৷ বাইরে যে ঝামেলা হয়েছে তাতে বিজেপির কেউ যুক্ত নয়৷ এখন ঋতব্রত তৃণমূল ও মমতা তৃণমূল হয়েছে৷ নিজেরাই মারামারি করছে৷ ওদের দায়িত্ব বিজেপির নয়৷ ওরা আগে নিজেরাই ঠিক করুক, কে কোন তৃণমূল৷"
  • Link to this news (eTV Bharat)