• বিষ্ণুর হ্যাটট্রিকে লিগে পাঁচতারা জয় ইস্টবেঙ্গলের
    eTV Bharat | ১৫ জুলাই ২০২৬
  • কলকাতা, 15 জুলাই: কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে পাঁচতারা জয় ইস্টবেঙ্গলের ৷ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বিধাননগর মিউনিসিপ্যাল অ্যাকাডেমির বিরুদ্ধে অর্চিষ্মান বিশ্বাসের ছেলেরা জিতল 5-1 গোলে ৷ হ্যাটট্রিকে উজ্জ্বল পিভি বিষ্ণু ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে বাকি দু'টি গোল জেসিন টি কে এবং বিজয় মুর্মু'র। বিধাননগর মিউনিসিপ্যাল অ্যাকাডেমির হয়ে একমাত্র গোলটি সুমিত মজুমদারের ৷

    প্রথম ম্যাচে তিন গোলের পর দ্বিতীয় ম্যাচে পাঁচ গোল ৷ লাল-হলুদ কোচ অর্চিষ্মান দলের জয়ে খুশি হলেও জানালেন উন্নতির প্রয়োজন ৷ একঝাঁক নতুন মুখ এবং পিভি বিষ্ণু, জেসিন টিকে'র মতো সিনিয়রদের মেলবন্ধনে এবার ইস্টবেঙ্গলের কলকাতা লিগের দল ৷ ধীরে ধীরে তা শানিত হওয়ার লক্ষ্যে ৷ জেসিন টিকে প্রথম ম্যাচে জোড়া গোলের পরে দ্বিতীয় ম্যাচেও গোল পেলেন ৷ নতুন মরশুমে শুধু কলকাতা লিগের দল নয়, সিনিয়র দলের জন্যও আশার আলো জেসিনের ফর্ম ৷ সঙ্গে দ্বিতীয় ম্যাচে প্রাপ্তি পিভি বিষ্ণুর হ্যাটট্রিক ৷ প্রথম ম্যাচে একাধিক গোল নষ্ট করেছিলেন ৷ দ্বিতীয় ম্যাচে গোলের রাস্তা তৈরির পাশাপাশি হ্যাটট্রিক সারলেন ৷

    11 মিনিটে জেসিন টিকে'র ব্যাকহিল থেকে সাজানো বলে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল বিষ্ণু'র ৷ দ্রুত গোল হজমের পরে মনে হয়েছিল বিধাননগরের দলটি হয়তো ঘুরে দাঁড়াতে পারবে না ৷ কিন্তু 14 মিনিটে গতির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জয় বাজের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান সুমিত ৷ বাঁ-প্রান্তিক ক্রস থেকে হেডে 1-1 করেন তিনি ৷ এগিয়ে থাকার সুবিধা হাতছাড়া হতেই ফের জ্বলে ওঠে মশাল ব্রিগেড ৷ মাঝমাঠে তন্ময় দাস এবারও দুরন্ত ফর্মে ৷ দলের প্রতিটি আক্রমণের বল তৈরি হচ্ছে তাঁর পা থেকেই ৷ ফলে একের পর এক লাল-হলুদ আক্রমণ বিধাননগর রক্ষণে আছড়ে পড়তে থাকে ৷ 26 মিনিটে অসাধারণ ফ্রি-কিকে ইস্টবেঙ্গলকে ফের এগিয়ে দেন বিষ্ণু ৷ দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পর বাসুদেব মন্ডল প্রশিক্ষণাধীন দল ক্রমেই ব্যাকফুটে চলে যায় ৷

    বিরতির আগে মনোতোষ চাকলাদারের হেড বিধাননগর গোলরক্ষকের হাত থেকে ছিটকে বেরোলে তা জালে পাঠান জেসিন টিকে ৷ প্রথমার্ধের সংযুক্তি সময়ের শেষ মিনিটে দলের চতুর্থ গোলের সঙ্গে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন পিভি বিষ্ণু ৷ দ্বিতীয়ার্ধে লাল-হলুদ কোচ জেসিন টিকে এবং পিভি বিষ্ণুকে তুলে নেন ৷ তাতেও ম্যাচের রাশ গতবারের চ্যাম্পিয়নদের হাতছাড়া হয়েছে তেমনটা নয় ৷ বেশ কয়েকবার গোল করার পরিস্থিতি ইস্টবেঙ্গল তৈরি করেছিল ৷ কিন্তু তা কাজে আসেনি ৷ শেষ পর্যন্ত ম্যাচের অন্তিম লগ্নে ইস্টবেঙ্গলের পঞ্চম গোল বিজয় মুর্মুর ৷ দূরহ কোণ থেকে দক্ষতার সঙ্গে বল জালে রাখেন তিনি ৷
  • Link to this news (eTV Bharat)