• প্রথমবার হইচই-র সিরিজে সব্যসাচী চক্রবর্তী
    News18 বাংলা | ১৫ জুলাই ২০২৬
  • সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর বাঙালি যে অভিনেতাকে ফেলুদা হিসেবে মেনে নিয়েছিল তিনি হলেন সব্যসাচী চক্রবর্তী৷ সত্যজিৎ রায়ের ফেলুদা ছিলেন সৌমিত্রবাবু, পরবর্তীতে সত্যজিৎ পুত্র সন্দীপ রায়ের তৈরি ফেলুদা গল্পে সব্যসাচী অভিনয় করেছেন নাম ভূমিকায়৷ তাঁর ভারী কন্ঠস্বর ও বলিষ্ট চেহারার জন্য ফেলুদা হিসেবে মানিয়েছিল বেশ৷ পরবর্তীতে আরও অনেকে ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন ঠিকই, কিন্তু এই দুই অভিনেতার ছাপ মুছে ফেলতে পারেননি৷

    সিনেমার বাইরে রেডিও-র গল্পেও সব্যসাচী একচেটিয়া ফেলুদার গল্পে, ফেলুদার চরিত্রেই কণ্ঠ দিয়েছেন৷ সেখানেও তিনি অতি জনপ্রিয়৷ তাঁকে ছাড়া অন্য কেউ এখনও এভাবে গল্পে ফেলুদার চরিত্রে আসেননি৷

    এবার সব্যসাচী চক্রবর্তী হাজির নতুন অবতারে৷ এখানেও তিনি তাঁর মগজাস্ত্রের জোর লড়বেন লড়াই৷ তবে আর কোনও ফেলুদা সিরিজ নয়৷ এবার একেবারে অন্য চরিত্রে!

    সব্যসাচী এবার হচ্ছেন উকিল৷ এবার এই উকিল চরিত্রেই প্রথমবার তাঁকে দেখা যাবে বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-য়ে৷ প্রথমবার হইচইয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সব্যসাচী৷ সঙ্গে থাকবেন ঋত্বিক চক্রবর্তী৷

    হইচই-এর জনপ্রিয় কোর্টরুম ড্রামা সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’ আসছে তৃতীয় সিজন নিয়ে। এবারের সিজনে থাকছে আরও টানটান আইনি লড়াই, হাস্যরসাত্মক মুহূর্ত, গভীর আবেগঘন পরিস্থিতি এবং চমকপ্রদ সব মোড়। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩’-এ প্রবীণ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী প্রভাবশালী ডিফেন্স লয়ার বা বিবাদী পক্ষের আইনজীবী ‘দিগ্বিজয় সিংহ’-এর চরিত্রে অভিনয় করছেন।

    পর্দায় বলিষ্ঠ উপস্থিতি এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মনে দাগ কেটে যাওয়া অভিনয়ের জন্য সুপরিচিত সব্যসাচী চক্রবর্তী এবার ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’-এর জগতে পা রাখছেন অচিন্ত্যর সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে। তাঁর বিপরীতে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, যিনি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন আইনজীবী অচিন্ত্য আইচের সেই জনপ্রিয় চরিত্রেই ফিরে আসছেন; তবে আগের সিজনগুলোতে বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে লড়লেও, এবার তিনি সরকারি কৌঁসুলি বা ‘প্রসিকিউশন লয়ার’ হিসেবে নিজের প্রথম মামলাটি লড়বেন।

    নতুন এই সিজনে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিঠু চক্রবর্তী ও অভিষেক বোসকে; পাশাপাশি থাকছেন ঈশা সাহা—যিনি দেবজানি রায় বর্মণের ভূমিকায় অচিন্ত্যর সঙ্গে যৌথভাবে মূল চরিত্রের দায়িত্ব সামলাবেন। থাকছেন খেয়া চট্টোপাধ্যায় (অচিন্ত্যর বর্তমান স্ত্রী গীতার চরিত্রে) এবং দেবরাজ ভট্টাচার্য (অচিন্ত্যর বিশ্বস্ত সহকারী ভীমের চরিত্রে)।
  • Link to this news (News18 বাংলা)