• "ওনার ন্যায্য দাবি শোনানোর জন্য উনি নিজেকেই ঠেলে দিচ্ছেন মৃত্যুমুখে...", এবার সোনম ওয়াংচুকের প্রতিবাদের পাশে ঋদ্ধি-অপর্ণা সেন
    News18 বাংলা | ১৫ জুলাই ২০২৬
  • থ্রি ইডিয়টসের ফুংসুক ওয়াংরু আসলে তিনিই৷ আমির খানের থ্রি ইডিয়টস ছিল সুপারহিট৷ সেখানে দেখা মিলেছিল এমন এক ইঞ্জিনিয়র-শিক্ষককে যিনি তাঁর অভিনব শিক্ষা ব্যবস্থায় তাক লাগিয়ে দিয়েছিল৷ আমির খান এই চরিত্রে অভিনয় করেছিলেন৷ ফুংসুক ওয়াংরু যাঁকে দেখে তৈরি হয়েছিল তিনি হলেন সোনম ওয়াংচুক৷ যিনি এই মুহূর্তে অনশনে রয়েছেন৷

    নিট-বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে ‘ককরোচ’ জনতা পার্টি । প্রথম থেকেই তাদের এই আন্দোলনে পাশে থাকার বার্তা দেন সোনম। পরে ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকার যদি ২৭ জুনের মধ্যে কোনও জবাব না-দেয় তবে অনশনে বসবেন তিনি। কেন্দ্রের কাছে প্রত্যাশিত কোনও উত্তর না-মেলায় ২৮ জুন থেকে অনশন শুরু করেন সোনম।

    গত ১৮ দিন ধরে অনশন করছেন সোনম ওয়াংচুক। এর ফলে সোনমের ওজন ও স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে এবং অনেকেই তাঁকে অনশন ভাঙার জন্য অনুরোধ করছেন। বলিউড তারকারাও সোনমের সমর্থনে কথা বলছেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এবার তাঁর পাশে দাঁড়ালেন বাংলার তারকারাও৷

    এবার তাঁর পাশে দাঁড়ালেন বাংলার তারকারাও৷ তাঁকে এবং তাঁর প্রতিবাদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় লিখলেন ঋদ্ধি সেন৷ ছবি পোস্ট করলেন অপর্ণা সেনও৷

    ঋদ্ধি সেন খুবই স্পষ্ট বক্তা৷ তিনি কোনও রকন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছুপা হন না৷ এবার তিনিও একটা লম্বা পোস্ট করেছেন৷ লিখেছেন, খাদ্যদ্রব্য ছুঁড়ে প্রতিবাদ জানানোর মধ্যযুগীয়,হিংস্র প্রক্রিয়া আমাদের প্রগতিশীল নাগরিক,মিডিয়া এবং সরকারের কাছে দেশপ্রেমের নিদর্শন,পাতে ডিম পড়ুক না পড়ুক মাথায় পড়লেই হলো,এই প্রতিবাদ চোখে পড়বেই, পাবে গ্রহণযোগ্যতা,মিডিয়া দেবে গুরুত্ব,আমরা দেব TRP,ভাইরাল হবে ৯০ সেকন্ডের কন্টেন্ট আর পেজ ম্যানেজার পাবে পেমেন্ট ৷ কেন? কারণ এই প্রতিবাদ বিক্রয়যোগ্য,এখানে পাওয়া যায় উল্লাস, এন্টারটেনমেন্ট, ইনভেস্টমেন্ট ৷ তাই যে সরকার প্রতিবাদ এবং দেশপ্রেমের বিজ্ঞাপন সফল ভাবে দিয়ে যেতে পারছে তাদের জন্য টিপবো আমরা ভোটের বোতাম আর বিজ্ঞাপনের বাইরে চলা যেকোনো প্রতিবাদ আর দেশপ্রেমের ভাষার জন্য রইবে আমাদের ইমোজি বোতাম ৷ তাই দুই সপ্তাহের অধিক যে মানুষটা খাদ্যদ্রব্য স্পর্শ না করে দেশের জন্য খালি পেটে স্বপ্ন দেখছে তার জন্য আমাদের দেশনায়কের 'মেলোডি' ভর্তি ঠোঙা ফাঁকা,ঠিক আমাদের বর্তমান রাজনৈতিক দলগুলো,মিডিয়া আর কিছু সুবিধাবাদী নাগরিকদের মানবিকতার মতো,ফাঁকা৷ কি মজার না? সোনাম ওয়াংচুক তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে কিছু দাবি রেখেছেন,চেয়েছেন তার দেশের সরকারের সাথে শান্তিপূর্ণ ভাবে কথা বলতে,উনি বাঁধাননি কোনো দাঙ্গা,তৈরি করেননি বোমা,হাতে তুলে নেননি বন্দুক,ওনার ন্যায্য দাবি শোনানোর জন্য উনি নিজেকেই ঠেলে দিচ্ছেন মৃত্যুমুখে,চারপাশের সমাজকে বিষমুক্ত করার প্রচেষ্টায় বিষোদ্গার না করে বিষ পান করছেন নিজেই,তা সত্ত্বেও সরকারের দেখা মেলে না ৷ যে দেশের সরকারকে মানুষের কথা শোনানোর জন্য মানুষকে মৃত্যুমুখী হতে হয় সেই সরকার 'দেশদ্রোহী', আর আমরা ? আমরা ‘গুলামি কা অমৃত মহোৎসবের’ উন্নয়নমুখী পর্যটক৷

    অন্যদিক অপর্ণা সেনও এই প্রতিবাদে সামিল হয়ে তাঁর ইনস্টাগ্রাম স্টোরি এই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন এবং লেখেন ১৭ দিনে পড়ল সোনমের অনশন৷ অর্থাৎ তিনি বার্তা দিতে চাইলেন যে সোনমের দাবিগুলোকে গুরুত্ব সহকারে বিচার করা হোক৷

    গত ১৮ দিন ধরে যন্তরমন্তরে অনশনে সোনম ওয়াংচুক । তাঁর স্বাস্থ্য নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। সোনমের আন্দোলনের পাশে দাঁড়াচ্ছেন বিরোধী দলের নেতা-সাংসদেরা। সোমবার সোনমদের লড়াইকে সমর্থন জানিয়ে যন্তরমন্তরে উপস্থিত হয়েছিলেন সাহিত্যিক অরুন্ধতী রায়, অভিনেতা নসীরুদ্দীন শাহ, রত্না পাঠক শাহ এবং অর্থনীতিবিদ জয়তী ঘোষ। তাঁরাও সোনম-সহ অন্য অনশনকারীদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করেন। তবে অনশন তুলে নেওয়ার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানাননি সোনম। অনশনের কারণে তাঁর ওজন অনেকটাই কমেছে, এমন দাবি করেছে ‘ককরোচ’ জনতা পার্টি। একই সঙ্গে কেন্দ্রের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
  • Link to this news (News18 বাংলা)