• চুরি রুখতে রাম মন্দিরে সিইও নিয়োগ, একদিনে আবেদন হাজারের বেশি, কী যোগ্যতা প্রয়োজন?
    প্রতিদিন | ১৬ জুলাই ২০২৬
  • অযোধ্যার রাম মন্দিরে চুরির অভিযোগ! যা প্রকাশ্যে আসতেই গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছে। আতস কাঁচের নিচে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ভূমিকা। ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন ট্রাস্টের প্রধান চম্পত রায়। ট্রাস্টের আরও একাধিক কর্তার ভূমিকা প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে নিজেদের ভাবমূর্তি বাঁচাতে এবং অনুদানের প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা আনতে মন্দিরে পেশাদার চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট। মজার কথা হল, এত বিতর্কের পরও মন্দিরের সিইও হওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে।

    মঙ্গলবার মন্দিরের সিইও বেছে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। নিয়োগের বিজ্ঞপ্তি জারির পর ২৪ ঘণ্টার মধ্যেই নির্বাচন কমিটির অফিসিয়াল ইমেল আইডি-তে আবেদনের বন্যা বয়ে গিয়েছে। ইতিমধ্যেই সংখ্যাটা হাজারের বেশি। যেভাবে আবেদনপত্র জমা পড়ছে, তাতে আগামী ১৮ জুলাই আবেদনের শেষ তারিখের মধ্যে এই সংখ্যা কয়েক হাজারে গিয়ে ঠেকতে পারে। আবেদনকারীদের সিংহভাগই দেশের ডাকসাইটে অবসরপ্রাপ্ত আমলা এবং প্রাক্তন প্রবীণ প্রশাসনিক আধিকারিক। এদের মধ্যে থেকে যোগ্যতম সিইও বেছে নেওয়ার জন্য ৩ সদস্যের কমিটি গড়েছে ট্রাস্ট।

    সিইও হতে কী কী যোগ্যতা প্রয়োজন?
    প্রার্থীর বয়স হতে হবে ৫০-৭০ বছর। প্রার্থীকে ন্যূনতম ২০ বছর উচ্চপদস্থ সরকারি বা প্রশাসনিক পদে কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। যিনি সিইও নির্বাচিত হবেন, তাঁকে স্থায়ীভাবে অযোধ্যায় বসবাস করতে হবে। প্রার্থীকে অবশ্যই একজন একনিষ্ঠ হিন্দু হতে হবে এবং ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি তাঁর অগাধ ভক্তি ও বিশ্বাস থাকতে হবে। একই সঙ্গে হিন্দি এবং ইংরেজি, দুই ভাষাতেই সমানভাবে পারদর্শী হতে হবে। ১৮ জুলাই আবেদনের শেষ তারিখ। ১৯ জুলাই ইন্টারভিউয়ের মাধ্যমে সেরা প্রার্থীকে বেছে নেবে কমিটি। সিইও নির্বাচিত হলে মন্দিরের আর্থিক লেনদেন সবটা তিনিই নিয়ন্ত্রণ করবেন।

    উল্লেখ্য, রাম মন্দিরে চুরি কাণ্ডে এখনও চূড়ান্ত রিপোর্ট দেয়নি উত্তরপ্রদেশ সরকারের গঠন করা সিট। তবে সিট সূত্রের খবর, ট্রাস্ট প্রধান চম্পত রাইকে ওই রিপোর্টে সেভাবে দোষী হিসাবে ধরা হয়নি। তবে অনেক বেশি কাঠগড়ায় তোলা হয়েছে মন্দিরের নির্মাণের দায়িত্বে থাকা অনিল মিশ্রকে। যদিও এখনও চূড়ান্ত রিপোর্ট দেয়নি সিট।
  • Link to this news (প্রতিদিন)