মেসিকে বোতলবন্দি করার দায়িত্বে কে? ইংরেজ তারকা ফুটছেন, বলছেন, 'এমন সুযোগ একবারই আসে'
আজকাল | ১৫ জুলাই ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: লিওনেল মেসিকে থামানো যে কোনও ডিফেন্ডারের কাছেই কঠিন পরীক্ষা। আর সেই পরীক্ষায় এবার নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছেন ইংল্যান্ডের তরুণ লেফট ব্যাক নিকো ও'রাইলি।
তাঁর উপরে পড়তে পারে মেসিকে আটকানোর দায়িত্ব। জীবনে একবারই আসা এমন সুযোগকে উপভোগ করতে চান তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার মাঠে নামছেন এলএম ১০।
বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ও'রাইলি বলেন, ''এমন সুযোগ জীবনে একবারই আসে। মেসি তাঁর কেরিয়ারের শেষ প্রান্তে। আমার মতে, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি। ওর বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রয়েছি।''
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। গোল, অ্যাসিস্ট ও নেতৃত্ব, সব মিলিয়ে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। টুর্নামেন্টে ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপের সঙ্গে শীর্ষে রয়েছেন। এমবাপের ফাইনালের স্বপ্ন শেষ। কিন্তু তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে নামবেন ফ্রান্সের তারকা। শেষমেশ কে বেশি গোল করেন সেটাই দেখার।
মেসির বিরুদ্ধে খেলার রোমাঞ্চের পাশাপাশি ম্যাচের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়েও সচেতন ও'রাইলি। টকস্পোর্টকে তিনি বলেন, “আমি জানি দুই দেশের মধ্যে ফকল্যান্ড যুদ্ধের ইতিহাস রয়েছে। তাই ম্যাচটি কিছুটা উত্তপ্ত হতে পারে। তবে আমাদের আরও বেশি উদ্যম, শক্তি নিয়ে মাঠে নামতে হবে।”
আর্জেন্টিনাকে যথেষ্ট সমীহ করলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না এই ইংলিশ ডিফেন্ডার। তিনি বলছেন, “মেসি বিশ্বের সেরা ফুটবলার। তাই এটি অবশ্যই বড় একটি চ্যালেঞ্জ। তবে নিজের সামর্থ্যের ওপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে।”
ইংল্যান্ডের লক্ষ্য একটাই—আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ওঠা এবং দীর্ঘ ৬০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপ জয় করা। ১৯৬৬ সালের পর আর কোনও বিশ্বকাপ ফাইনালে খেলতে পারেনি ইংল্যান্ড। সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছেন ও'রাইলি।