হাওড়ায় ভয়ঙ্কর ঘটনা...ভাড়া থাকত যুবক, স্কুল থেকে থেকে ফেরার পথে তারই হাতে ফালা ফালা ছাত্রী
News18 বাংলা | ১৬ জুলাই ২০২৬
স্কুলের পরে টিউশন সেরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল দশম শ্রেণীর ছাত্রী৷ রাস্তার মধ্যেই হঠাৎ এলোপাথাড়ি কোপ৷ ফালা ফালা হয়ে গেল হাত, শরীরের ঊর্ধ্বাঙ্গ৷ বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত চাঁদনিবাগান এলাকায়, ছাত্রীর বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরে এই ঘটনাটি ঘটে।
বাড়ি ফেরার সময় হঠাৎই ছাত্রীর উপরে ছুরি হাতে চড়াও হয় যুবক৷ ছাত্রীর পেটে ছুরির একাধিক আঘাত হানে৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ছাত্রী। তারপর আবারও ছুরির আঘাত। ছাত্রীকে উদ্ধার করতে স্থানীয় মানুষ এগিয়ে গেলে, ছুরি হাতে তাদের উপর চড়াও হয় যুবক।
স্থানীয়রা ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে স্থানীয় মানুষ চড়াও হয়ে গণপিটুনি দেয় অভিযুক্তকে। আহত অবস্থায় যুবককেও ডোমজুড় হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদিকে, গুরুতর অবস্থায় ছাত্রীকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোমজুড় চাঁদনিবাগান এলাকার বাসিন্দা বাপি সামন্তর বাড়িতে কয়েকজন ভাড়াটিয়া থাকেন। কারখানায় কাজ করা কর্মসূত্রে বিভিন্ন জেলা থেকে আসা পুরুষ ও মহিলা কর্মচারীরা এলাকায় বেশ কিছু বাড়িতেই এমন ভাড়া থাকেন।
গত কয়েক বছর বাপি সমন্ত নিজের বসত বাড়িতে ঘর ভাড়া দিচ্ছেন। স্থানীয়রা জানাচ্ছেন, তাঁর দোতলা বাড়ির বেশ কয়েকটি ঘর৷ নীচের তলায় দুই মেয়ে সহ পরিবার নিয়ে থাকতেন বাড়ির মালিক বাপি সামন্ত। অন্য ঘরগুলি ভাড়া দেওয়া। সেই ভাড়া ঘরে কয়েক মাস ঘর ভাড়া নিয়ে ছিলেন ২৬ বছর বয়সি সমীর দাস। জানা গিয়েছে,ওই যুবকের বাড়ি বীরভূমের ময়ূরেশ্বরে।
স্থানীয় একটি কারখানায় কর্মরত ছিল ওই যুবক সমীর দাস। আর পাঁচটা ভাড়াটের মতই কারখানা এবং ভাড়া বাড়ি আসা-যাওয়ার সময় তাদের দেখা যেত এলাকায়। এলাকাবাসীর সঙ্গে বিশেষ পরিচিত ছিল না কারোরই৷ এরপর প্রায় একমাস আগে ভাড়া বাড়ি ছেড়ে দেয় যুবক। যদিও তাঁকে কোনও কারণে ওই ভাড়া বাড়ি থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল, নাকি সে নিজের ইচ্ছায় ভাড়া ঘর ছেড়েছিল, এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
স্থানীয়দের একাংশের মতে, হয়ত ওই যুবকের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই তাঁদের মেয়ের উপরে হামলা করে ওই যুবক৷
ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, স্থানীয় মানুষ এবং অন্যান্য ভাড়াটিয়াদের সঙ্গে কথাও বলে। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি ডোমজুড় থানা।