• এবার কলকাতায় সারারাত চলবে বাস, বিরাট ঘোষণা পরিবহণমন্ত্রীর-- কোন রুটে, কোথায়, কতক্ষণ
    ২৪ ঘন্টা | ১৫ জুলাই ২০২৬
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতা শহরের রাতের জীবনযাত্রা সচল রাখতে রাজ্য সরকারের বিরাট পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। রাত হলেই মহানগরীর বুকে গণপরিবহণের যে সমস্যা দেখা দেয়, তা দূর করতে এবার সারারাত সরকারি বাস (Night Bus Service) চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

    সম্প্রতি ব্যারাকপুর সুভাষ চন্দ্র বাস টার্মিনালে এক অনুষ্ঠানে এসে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং এই ঘোষণা করেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিশেষত নাইট শিফটে কর্মরত চাকুরিজীবীদের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

    সাধারণত দেখা যায়, রাত ৯টা বা ১০টার পর থেকেই কলকাতার রাস্তায় বাসের সংখ্যা কমতে শুরু করে। আর রাত সাড়ে ১১টার পর সাধারণ বাস কার্যত উধাও হয়ে যায়। ফলে চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিশেষ করে তথ্যপ্রযুক্তি (IT) সেক্টর, স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য জরুরি ক্ষেত্রের কর্মীদের চড়া ভাড়া দিয়ে অ্যাপ ক্যাব বা বাইক ট্যাক্সি চড়ে বাড়ি ফিরতে হয়।

    এতে পকেটে টান পড়ে সাধারণ মানুষের। এই পরিস্থিতি বদলাতেই মুম্বইয়ের মতো কলকাতাকেও রাতভর সচল রাখার পরিকল্পনা করেছে পরিবহণ দফতর। সারারাত বাস চললে শহরের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতি পাবে।

    এর আগেও রাতের বাস পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রথমবার এই পরিষেবা শুরু হলেও করোনার সময় তা বন্ধ হয়ে যায়। এরপর ২০২৫ সালে তৎকালীন সরকারের আমলে ডানলপ, শ্যামবাজার, ধর্মতলা, হাওড়া, গড়িয়া, যাদবপুর ৮বি, রুবি, উল্টোডাঙার মতো গুরুত্বপূর্ণ ২০টি রুটে ফের নাইট বাস চালু করা হয়। তবে সেই বাসগুলি চলত বড়জোর রাত ১২টা পর্যন্ত।

    বর্তমান পরিবহণমন্ত্রী জানিয়েছেন, এবার আর শুধু ১২টা নয়, সারারাতই মিলবে সরকারি বাস। এই পরিষেবা বাস্তবায়িত করতে ইতোমধ্যেই একটি বিশেষ বিনিয়োগ কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজও শুরু করে দিয়েছে।

    পাশাপাশি, ব্যারাকপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এস-১১বি (S-11B) বাস পরিষেবার উদ্বোধন করতে গিয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিং আগের তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে পরিবহণ দফতরে চূড়ান্ত দুর্নীতি হয়েছে। রুট পারমিট ছাড়াই বেআইনিভাবে বাস চালানো হত এবং নেতারা পকেট ভরতেন। এমনকি সরকারি বাসের জিনিসপত্র পর্যন্ত চুরি করে বিক্রি করে দেওয়া হত।

    মন্ত্রী দাবি করেন, পরিবহণ দফতরের এই সব 'লিকেজ' বা দুর্নীতির জায়গাগুলো চিহ্নিত করে মেরামতের কাজ শুরু হয়েছে। দফতরকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার প্রক্রিয়া চলছে। দুর্নীতি ও চুরি যদি পুরোপুরি বন্ধ করা যায়, তবে আগামী দিনে লাভজনক পরিবহণ ব্যবস্থার মাধ্যমে রাজ্যে 'সোনার বাস' চালানোও সম্ভব হবে। সামগ্রিকভাবে, দুর্নীতি দূর করে কলকাতার রাতের পরিবহণ ব্যবস্থাকে মজবুত করাই এখন রাজ্য সরকারের মূল লক্ষ্য।
  • Link to this news (২৪ ঘন্টা)