সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি
উত্তরবঙ্গের ‘চিকেন্স নেক’–কে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার কাজকর্ম দেখভাল করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে। তাঁর নির্দেশে ইতিমধ্যেই বিএসএফ–সহ অন্যান্য কেন্দ্রীয় বাহিনী এবং ইন্টেলিজেন্স এজেন্সির শীর্ষ অফিসাররা দফায় দফায় ‘চিকেন্স নেক’ পরিদর্শন করে গিয়েছেন। সূত্রের খবর, এ বার উত্তরবঙ্গে এসে গোটা পরিস্থিতি সরেজমিন খতিয়ে দেখতে পারেন শাহ নিজেই। শুধু তা–ই নয়, এ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দফা বৈঠকও করতে পারেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের দাবি, আগামী শনিবার শিলিগুড়ির ‘উত্তরকন্যা’য় এই বৈঠক হতে পারে। সেখানে ‘চিকেন্স নেক’–সহ উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হতে পারে।
বিএসএফ–কে জমি দেওয়া নিয়ে পূর্বতন তৃণমূল সরকারের টালবাহানায় রাজ্যের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কারণ তৈরি হয়েছিল বলে অভিযোগ। শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় এসেই সেই জমি দেওয়ার কাজ শুরু করে। এর পরেই ভূ–কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেন্স নেক’–কে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলার পরিকল্পনা শুরু করে কেন্দ্র। তারই অঙ্গ হিসেবে শাহের এই বঙ্গ সফর। সূত্রের খবর, শনিবারের বৈঠকে মুখ্যসচিব–সহ রাজ্যের শীর্ষ আমলা এবং পুলিশকর্তারা থাকবেন। থাকার কথা বিএসএফ, বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রধানদেরও। জানা গিয়েছে, বৈঠকে যোগ দিতে কাল, শুক্রবার রাতেই রাজ্যে চলে আসতে পারেন শাহ।
ক্ষমতায় এসেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য মোট ১,০২৪.৭৫ একর জমি বিএসএফ-এর হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই জমির উপরে মোট ১৭২.৬ কিলোমিটার সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ করা হবে। সম্প্রতি বিএসএফ-এর ডিজি প্রবীণ কুমার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সুন্দরবনের গভীর উপকূলীয় অঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন। খতিয়ে দেখেন বেড়া নির্মাণের কাজের অগ্রগতিও। স্থানীয় বাসিন্দা ও সরকারি আধিকারিকদের সঙ্গে জনসংযোগমূলক বৈঠকে অংশও নেন ডিজি।