• কামদুনির নির্যাতিতার পরিবারের পাশে রাজ্য, আশ্বাস শুভেন্দুর
    এই সময় | ১৬ জুলাই ২০২৬
  • এই সময়: সু‍প্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবীরা কামদুনির নির্যাতিতার পরিবারের পাশেই দাঁড়াবেন বলে বুধবার আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন রাজ্য বিজেপি দপ্তরে ‘জনতা দরবার’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর কাছে বিচার চেয়ে হাজির হন কামদুনির নির্যতিতা তরুণীর পরিবার। মৃতার মা ও ভাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন কামদুনির প্রতিবাদী দুই মুখ মৌসুমি কয়াল ও টুম্পা কয়াল।

    পরে কামদুনি প্রসঙ্গে অতীতের তৃণমূল সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগের সরকার ১৬ জন সরকারি আইনজীবী বদল করে আসামীদের খালাসের ব্যবস্থা করেছিল। নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টে গিয়েছে। মামলা শীর্ষ আদালতে বিচারাধীন। আমি তাদের (কামদুনির নির্যাতিতার পরিবার) বলেছি, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবীরা সহযোগিতা করবেন, যাতে তাঁরা সুবিচার পান।’ শুভেন্দুর আশ্বাস, ‘সুপ্রিম কোর্টের আইনি লড়াইয়ে রাজ্য সরকারের ভূমিকা ধর্ষক–খুনিদের বিরুদ্ধে থাকবে, সেটা আমি জানিয়ে দিলাম। সেই মর্মে সরকারি আইনজীবীদের নির্দেশও দেওয়া আছে।’

    সম্প্রতি কামদুনি ধর্ষণের ঘটনায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। এ দিন তার জবাব দিতে গিয়ে কারও নাম না–করে ফেসবুক লাইভে মমতা বলেন, ‘যাঁরা বলছেন, কামদুনিতে আমি যাইনি, সেটা ঠিক বলছেন না। আমি নিজে কামদুনির পরিবারের কাছে ছুটে গিয়েছিলাম। দয়া করে বলবেন না, আমি যাইনি। আরজি করের পরিবারের কাছেও ছুটে গিয়েছিলাম।’ ২০১৩–তে উত্তর ২৪ পরগনার কামদুনিতে এক ২০ বছর বয়সি কলেজছাত্রীকে গণধর্ষণ ও নৃশংস ভাবে খুন করা হয়। সেই ঘটনায় প্রবল ক্ষোভ দেখা দিয়েছিল এলাকায়। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ে কামদুনি গিয়েছিলেন। বিক্ষোভ-প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রীকেও।

    অভিযোগ, ‘বিক্ষোভকারীদের মধ্যে মাওবাদীরা আছে’, এমনই মন্তব্য করেছিলেন তিনি! টুম্পা ও মৌসুমিকেও পরবর্তী কালে তৃণমূলের রোষানলে একাধিকবার পড়তে হয়েছিল। এ দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে মৌসুমি, টুম্পারা বলেন, ‘মুখ্যমন্ত্রী সবই জানেন, ওঁর অজানা কিছুই নয়। দ্রুত কামদুনির ফাইল খোলা হবে। একমাসের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।’

  • Link to this news (এই সময়)