• ৩৯ বছরেও অপ্রতিরোধ্য মেসি, জোড়া অ্যাসিস্টে আর্জেন্তিনাকে ফাইনালে তুলে করলেন বিশ্বরেকর্ড
    এই সময় | ১৬ জুলাই ২০২৬
  • লিওনেল মেসি আরও এক বার প্রমাণ করলেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এখনও তিনিই বড় পার্থক্য গড়ে দিতে পারেন। ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নাটকীয় ২-১ জয়ে আর্জেন্তিনাকে ফাইনালে তুললেন অধিনায়ক মেসি। শেষ মুহূর্তে তাঁর জোড়া অ্যাসিস্টেই বদলে গেল ম্যাচের ছবি। এর সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে আরও একটি বড় রেকর্ড নিজের নামে করলেন ৩৯ বছরের তারকা।

    শেষ মুহূর্তের ঝড়ে ইংল্যান্ডকে হারাল আর্জেন্তিনা

    আটলান্টার সেমিফাইনাল ছিল তীব্র লড়াইয়ে ভরা। প্রথমার্ধে দুই দলের কেউই গোলের মুখ খুলতে পারেনি। মাঝমাঠের লড়াইয়ে আর্জেন্তিনা ও ইংল্যান্ড একে অপরকে আটকে রেখেছিল। প্রথম ৩০ মিনিটে কোনও দলই শট নিতে পারে নি, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপের নকআউট ম্যাচে বিরল ঘটনা।

    দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। হ্যারি কেনের দ্রুত আক্রমণের পর মরগ্যান রজার্সের নিখুঁত ক্রস থেকে অ্যান্থনি গর্ডন গোল করে ইংল্যান্ডকে ১-০ এগিয়ে দেন।

    এর পর সমতা ফেরানোর মরিয়া চেষ্টা শুরু করে আর্জেন্তিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লাগে। অন্য দিকে ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড দুর্দান্ত সেভ করে আর্জেন্তিনাকে আটকে রাখেন।

    কিন্তু ম্যাচের শেষ পাঁচ মিনিটে বদলে যায় সব কিছু। পিকফোর্ডের ঠেকানো বল থেকে মেসি দ্রুত আক্রমণ তৈরি করেন এবং বক্সের বাইরে থেকে এনজ়ো ফার্নান্দেজ়কে দুরন্ত একটি পাস দেন। চেলসির মিডফিল্ডার দুর্দান্ত বাঁ পায়ের শটে গোল করে ৮৫ মিনিটে সমতা ফেরান।

    ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাওয়ার অপেক্ষায়, তখন আবারও জাদু দেখান মেসি। ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসার পর বল পেয়ে যান আর্জেন্তিনা অধিনায়ক। মুহূর্ত নষ্ট না করে নিখুঁত ক্রস দেন ছয় গজের মধ্যে। সেখান থেকে লাউতারো মার্তিনেজ হেডে গোল করে আর্জেন্তিনাকে ২-১ ব্যবধানে জয় এনে দেন।

    বিশ্বকাপে অ্যাসিস্টের রেকর্ড গড়লেন মেসি

    ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি অ্যাসিস্ট করে বিশ্বকাপে নতুন ইতিহাস তৈরি করেছেন মেসি। পরিসংখ্যান সংস্থা অপটার (Opta) তথ্য অনুযায়ী, বিশ্বকাপে তাঁর অ্যাসিস্টের সংখ্যা এখন ১২, যা ১৯৬৬ সাল থেকে হিসাব রাখা শুরু হওয়ার পর সর্বোচ্চ। শুধু তাই নয়, মেসির ১২টি অ্যাসিস্টের মধ্যে ১০টি এসেছে নকআউট পর্বে। বিশ্বকাপের ইতিহাসে এমন নজির আর কোনও ফুটবলারের নেই।

    বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্টের তালিকায় এখন —

    লিওনেল মেসি (আর্জেন্তিনা) — ১২ অ্যাসিস্ট (৩৩ ম্যাচ)
    পেলে (ব্রাজ়িল) — ১০ অ্যাসিস্ট (১৪ ম্যাচ)
    ফ্রিৎস ভাল্টার (পশ্চিম জার্মানি) — ৯ অ্যাসিস্ট (১১ ম্যাচ)
    রেমন্ড কোপা (ফ্রান্স) — ৮ অ্যাসিস্ট (৮ ম্যাচ)
    দিয়েগো মারাদোনা (আর্জেন্তিনা) — ৮ অ্যাসিস্ট (২১ ম্যাচ)

    ড্রিবল থেকে গোল, আরও এক রেকর্ড মেসির

    ইংল্যান্ডের বিরুদ্ধে শুধু অ্যাসিস্ট নয়, ব্যক্তিগত পারফরম্যান্সেও নতুন নজির গড়েছেন মেসি। অপটার তথ্য অনুযায়ী, তিনি এই ম্যাচে ৯টি সফল ড্রিবল করেছেন এবং ২টি গোলে সাহায্য করেছেন। ১৯৬৬ সাল থেকে বিস্তারিত পরিসংখ্যান রাখা শুরু হওয়ার পর বিশ্বকাপের কোনও নকআউট ম্যাচে একসঙ্গে ৯টি সফল ড্রিবল ও ২টি অ্যাসিস্ট করার নজির আর কারও নেই। এ ছাড়াও টানা ১৩টি বিশ্বকাপ ম্যাচে গোল করা বা অ্যাসিস্ট করার নজির গড়েছেন মেসি।

    ফাইনালের আগে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি

    ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০২৬ বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮, সঙ্গে রয়েছে ৪টি অ্যাসিস্ট। গোল্ডেন বুটের দৌড়ে কিলিয়ান এমবাপের সঙ্গে সমান জায়গায় থাকলেও অ্যাসিস্টের সংখ্যায় এগিয়ে থাকায় মেসিই আপাতত এগিয়ে। এই জয়ের ফলে টানা দ্বিতীয় বার বিশ্বকাপ ফাইনালে উঠল আর্জেন্তিনা। ফাইনালে তাদের সামনে অপরাজিত স্পেন।
  • Link to this news (এই সময়)