• রথের দিন দিঘা যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ৪, জখম অন্তত ২
    এই সময় | ১৬ জুলাই ২০২৬
  • রথের দিন, বৃহস্পতিবার সাতসকালে বাস দুর্ঘটনা। মৃত চার এবং জখম কমপক্ষে দুই। পূর্ব মেদিনীপুরের দিঘার নন্দকুমারে ১১৬ বি জাতীয় সড়কের হেঁড়িয়া এলাকায় এ দিন সকালে যাত্রিবাহী বাসে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি লরি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চার জনকে মৃত ঘোষণা করা হয়।

    সূত্রের খবর, এ দিন বাসটি যাত্রী নিয়ে কলকাতা থেকে দিঘা যাচ্ছিল। কিন্তু মাঝরাস্তায় খারাপ হয়ে যায় বাস। সেই কারণে যাত্রীদের নামিয়ে দিয়ে হেঁড়িয়া এলাকায় বাস থামিয়ে সারানোর কাজ চলছিল। সেই সময়ে পিছন থেকে দিঘাগামী একটি লরি এসে বাসের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার বিকট আওয়াজে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে।

    পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন। আহতদের সেখানেই চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, বাসের মালিক, চালক এবং দুই হেল্পারের মৃত্যু হয়েছে। মৃতদের নাম তপন দাস (৪৪), শিবব্রত পট্টনায়ক (৫৯), অশোক মাইতি এবং শুভদীপ মণ্ডল।

    ঘটনার পর থেকেই পলাতক লরির চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। একই সঙ্গে খেজুরি থানার পুলিশ লরিটিকে আটক করেছে। ঘটনায় সাময়িক ভাবে যানজটের সৃষ্টি হয়েছিল ওই এলাকায়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

  • Link to this news (এই সময়)