• Breaking News LIVE: রথের সকালে খুঁটি পুজো সুরুচি সঙ্ঘে
    এই সময় | ১৬ জুলাই ২০২৬
  • রথের দিন সকালে খুঁটি পুজো নিউ আলিপুর সুরুচি সঙ্ঘে। ‘বিশ্বাস ব্রাদার্স’কে ছাড়াই চলতি বছর খুঁটি পুজো হলো সুরুচি সঙ্ঘে। আনন্দে মেতে উঠেছেন এলাকাবাসী।

    বৃষ্টি উপেক্ষা করেই লোকে লোকারণ্য পুরী। বিশেষ সাজে সেজে উঠেছে ‘নন্দীঘোষ’, ‘তালধ্বজ’, ‘দর্পদলন’। মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে ওডিশি নৃত্য পরিবেশন। সঙ্গে চলছে পহন্ডি উৎসব। এখন শুধুমাত্র অপেক্ষা রথের রশিতে টান পড়ার।

    রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ প্রসঙ্গে X হ্যান্ডলে একটি পোস্টও করেছেন প্রধানমন্ত্রী। পোস্টে তিনি লিখেছেন, ‘রথযাত্রা ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন। পবিত্র এই দিনে মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি, তিনি যেন সকলকে সুস্থলরাখেন, সুখ এবং সমৃদ্ধি দান করেন।’

    রথের দিন, বৃহস্পতিবার সাতসকালে বাস দুর্ঘটনা। মৃত চার এবং জখম কমপক্ষে দুই। পূর্ব মেদিনীপুরের দিঘার নন্দকুমারে ১১৬ বি জাতীয় সড়কের হেঁড়িয়া এলাকায় এ দিন সকালে যাত্রিবাহী বাসে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি লরি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চার জনকে মৃত ঘোষণা করা হয়।

    যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার ধর্মঘটের ১৯তম দিনে পা দিয়েছেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর ওজন কমে দাঁড়িয়েছে ৫৭.১৫ কেজিতে। তাঁকে কড়া নজরদারিতে রেখেছেন চিকিৎসকরা। সোনম ওয়াংচুক জানিয়েছেন, তিনি খুব একটা ভালো নেই। তবে পরিস্থিতি অতটাও খারাপ নয়।

    রথযাত্রা ঘিরে জমজমাট পুরী। সেজে উঠেছে সমুদ্র সৈকত থেকে শুরু করে জগন্নাথ মন্দির। পুরীর সৈকতে বালি দিয়ে জগন্নাথের এক অনন্য ভাস্কর্য তৈরি করেছেন পদ্মশ্রী বালিশিল্পী সুদর্শন পট্টনায়ক। বিশেষ বালুশিল্পে মহাপ্রভুর মূর্তির পাশাপাশি ১০০টি ছোট ছোট রথও ফুটিয়ে তুলেছেন তিনি।

    আজ রথযাত্রা। কলকাতায় অনুষ্ঠিত হবে ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রা। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি বছর তাঁর হাতেই রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ইসকনের রথ হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বসু রোড, শরৎ বসু রোড, হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড ক্রসিং, জওহরলাল নেহরু রোড এবং আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছবে। সেই কারণে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

    বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহের বাকি দিনগুলিতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা প্রবল।

  • Link to this news (এই সময়)