• রথের মেলা মাটি করবে বৃষ্টি? ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিশেষ সতর্কতা
    এই সময় | ১৬ জুলাই ২০২৬
  • রথের দিন, বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির ঘনঘটা কলকাতায়। চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। নিম্নচাপটি কয়েক ঘণ্টার মধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে। যার জেরেও আজ রথযাত্রায় দিনভর বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

    রথযাত্রার দিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিনভর দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি হয়েছে শহরের একাংশে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারও। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, সপ্তাহের বাকি দিনগুলিতে আরও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

    আজ দিনভর মেঘলাই থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাংশে। বিশেষ করে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রামে বৃষ্টির দাপট বেশি থাকতে পারে।

    সপ্তাহান্তে ফের প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।

  • Link to this news (এই সময়)