দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে বড়সড় দুর্ঘটনা ! বাসকে ধাক্কা লরির, ঘটনাস্থলেই চার জনের মৃত্যু
News18 বাংলা | ১৬ জুলাই ২০২৬
দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে বড়সড় দুর্ঘটনা। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ আহত হয়েছেন ৩ জন ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। লরির ধাক্কায় বাসটি রাস্তা থেকে নয়ানজুলিতে উল্টেও পড়ে যায়।
কাঁথির হেঁড়িয়ার কাছে দাঁড়িয়ে থাকা দিঘাগামী একটি বাসকে এদিন দ্রুত গতিতে আসা লরি ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বাসটিতে যাত্রী ছিল না। খারাপ হয়ে যাওয়া বাসটিকে মিস্ত্রিরা সারাচ্ছিলেন। সেই সময়েই দ্রুত গতিতে আসা একটি লরি বাসটিকে ধাক্কা মারে। বাসের পাশে দাঁড়িয়ে থাকা চালক, হেল্পার এবং মিস্ত্রিরা গুরুতর আহত হন। তাদের মধ্যে চারজনের মৃত্যু এবং তিনজন আহত হন বলে খবর। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে রাত ৩টে নাগাদ।
আরও পড়ুন– Ahvaz-এ শিশুদের ক্যানসার হাসপাতালের কাছেই আমেরিকার মিসাইল হামলা ! দাবি ইরানের
আরও পড়ুন-‘ফিরে এসো চাকা…রথ হয়ে এসো…পথ হয়ে এসো…’ এবার বাংলায় বড় করে রথযাত্রা উৎসব
হেঁড়িয়ায় বাস দুর্ঘটনায় মৃতদের নাম:
—তপন দাস (৪৪) বাস মালিক। বাড়ি বাজকুলে।
—শিবব্রত পট্টনায়েক (৫৯) চালক। বাড়ি দিঘায়।
—অশোক মাইতি (বাসের হেল্পার)। বাড়ি- ভুপতিনগরে।
—শুভদীপ মন্ডল (বাসের হেল্পার) বাড়ি–বাজকুল
সপ্তাহখানেক আগেই এই রাস্তায় আরও একটি দুর্ঘটনা ঘটেছিল ৷ নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়কে ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষ হয় ওইদিন। ঘটনায় খালাসি-সহ চার জন গুরুতর আহত হয়েছিলেন। দ্রুত গতিতে গাড়ি দু’টি ছুটছিল। তার জেরেই ওই দুর্ঘটনাটি ঘটে। খেজুরি থানার পুলিশ চালক ও খালাসিদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়।