আগামী সপ্তাহেই শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং, পুজোর আগেই নিয়োগ!
প্রতিদিন | ১৬ জুলাই ২০২৬
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পুজোর আগেই নিয়োগ! শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। আগামী ২১ জুলাই থেকে এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। এই মর্মে বুধবার বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কাউন্সেলিং প্রক্রিয়া চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। কোন প্রার্থীর কবে থেকে কাউন্সেলিং, তার লেটার স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আর তা আগামিকাল শুক্রবার থেকে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, ২০১৫ সালের ১৬ আগস্ট টেট পরীক্ষা হয়েছিল। ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর পরীক্ষার ফলপ্রকাশ হয়। ২০২৪ সালের ২৮ আগস্ট ১৪০৫২ প্রার্থীর চাকরির নির্দেশ দেওয়া হয়। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হয় ওই বছরই ২৬ সেপ্টেম্বর। কাউন্সেলিং ও সুপারিশ পর্ব শুরু ৩ অক্টোবর থেকে। ১২,৭২৩ জনের কাউন্সেলিং ও সুপারিশ সম্পন্ন হলেও বাকি প্রার্থীদের প্রক্রিয়া আটকে ছিল। তৈরি হয় আইনি জটিলতা।
যদিও পরে ডিভিশন বেঞ্চের অবমাননা মামলায় মেধা তালিকাভুক্ত ১,২৪১ প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশের নির্দেশ হয়। ২১ মে শিক্ষা দপ্তর আদালতে ১,১৭৭টি শূন্যপদের তথ্য জমা দেয়। যার ভিত্তিতে ফের নতুন করে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যায়। এর মধ্যেই এবার কাউন্সেলিং শুরুর সূচি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। সব কিছু মিটলে পুজোর আগে কি শূন্যপদে নিয়োগ! যা নিয়ে শুরু হয়েছে চর্চা।