• অনশনরত সোনামকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ‘এভাবে আর দু’দিন বাঁচতে পারেন’, দায়ের মামলা
    বর্তমান | ১৬ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১৮ দিনে ওজন কমেছে প্রায় ন’কেজি। বুধবার সকালে তাঁর রক্তচাপ ছিল ১০৫/৭৬। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তরমন্তরে অনশন বিক্ষোভে শামিল ‘র‌্যাঞ্চো’ সোনাম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে উদ্বেগ। বিগত ১৮ দিন ধরে যন্তরমন্তরে অনশন বিক্ষোভ করছেন তিনি। ককরোচ জনতা পার্টির ব্যানারেই এহেন আন্দোলনে শামিল হয়েছেন বাস্তবের ‘র‌্যাঞ্চো’। দু’সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অনশনে সোনামের শারীরিক পরিস্থিতির এতই অবনতি হয়েছে যে, বর্তমানে তিনি কারও সাপোর্ট ছাড়া দু’পাও চলতে পারছেন না। এমনকি কোনোমতে চেয়ারে বসলেও উঠে দাঁড়ানোর সময় দু’জনের সাহায্য প্রয়োজন হচ্ছে সোনামের। 

    যন্তরমন্তরের ধর্না মঞ্চে প্রায় সর্বক্ষণ তাঁকে নজরে রেখেছে একটি মেডিকেল টিম। ‘র‌্যাঞ্চো’র শারীরিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা এবং উদ্বেগ গোপন করছেন না চিকিৎসকরাও। এমন প্রেক্ষাপটে সোনামের স্বাস্থ্য নিয়ে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আবেদনে বলা হয়েছে, এভাবে চলতে থাকলে তিনি খুব বেশি হলে দু’দিন বাঁচতে পারবেন। তাই অবিলম্বে তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে জোর করে তরল খাবার খাওয়ানো হোক। আবেদনকারীর বক্তব্য, তিনি যদি এভাবে মারা যান, তবে তা দেশের পক্ষে লজ্জাজনক। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের জবাব তলব করেছে আদালত। আজ, বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আগামী ২০ জুলাই ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে উত্তাপ। সেখানে তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ যোগ দেবেন। শামিল হতে পারেন অন্য বিরোধী দলের নেতৃত্বও। যন্তরমন্তর সহ বিস্তীর্ণ এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে দিল্লি পুলিস। তবে এমন নজরদারিকে চ্যালেঞ্জ করে বুধবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ। তিনি অভিযোগ করেছেন যে, যেভাবে একটি শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের উপর নজরদারি চালানো হচ্ছে, তা সম্পূর্ণ বেআইনি। 

    বুধবার যন্তরমন্তরে পৌঁছে দেখা গিয়েছে যে, নিরাপত্তার কড়াকড়ি আরও বৃদ্ধি পেয়েছে। ডোর-ফ্রেম মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তবেই ভিতরে যাওয়ার অনুমতি মিলছে। একাধিকবার দেখাতে হচ্ছে পরিচয়পত্রও। চলতি বছরে নিট-ইউজি প্রশ্ন ফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি করে বিগত ২৫ দিন ধরে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ অবস্থানে শামিল হয়েছে ককরোচ জনতা পার্টি। এরই সমর্থনে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনশন করছেন সোনাম। ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকের অভিযোগ, কেন্দ্রের কোনো নেতা-মন্ত্রী একবারের জন্যও সোনামের স্বাস্থ্য নিয়ে খোঁজ নেননি।
  • Link to this news (বর্তমান)