• আইআরসিটিসির নতুন পোর্টালের বিটা ভার্সান চালু করল রেল মন্ত্রক
    বর্তমান | ১৬ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অনলাইনে টিকিট বুকিংয়ের ব্যবস্থাকে আরও সহজ করে বুধবার রাত ৯টা থেকে আইআরসিটিসির নয়া পোর্টালের ‘বিটা’ ভার্সন চালু করল রেল। ‘বিটা’ ভার্সন অর্থ, সংশ্লিষ্ট পোর্টাল নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চলছে। কিন্তু তা রেল যাত্রীদের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হচ্ছে। এদিন রেলমন্ত্রক জানিয়েছে যে, আইআরসিটিসির বর্তমান ওয়েবসাইট আগামী দিনে নতুনটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এর ফলে ভবিষ্যতে কার্যত বিনা বাধায় অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন সাধারণ রেল যাত্রীরা। যদিও তার জন্য আরও বেশ কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। নতুন ব্যবস্থায় অনলাইন টিকিট বুকিংয়ে ‘ক্যাপচা’ পদ্ধতি থেকে মুক্তি পাবেন যাত্রীরা। বারবার বিঘ্ন ঘটাবে না বিজ্ঞাপনী পপ-আপ। টিকিট বুকিংয়ের ধাপ কমানো হবে। যাত্রীরা নিজের তথ্য সেভ করে রাখতে পারবেন। এর ফলে পরবর্তী ক্ষেত্রে টিকিট কাটার সময়, অর্থাৎ রিপিট বুকিংয়ে সময় নষ্ট হবে না। এরই পাশাপাশি ট্রেনের সমস্ত ক্লাসের আসন উপলব্ধতা এক ক্লিকেই জানতে পারবেন ব্যবহারকারীরা। রেল জানিয়েছে যে, https://www.irctc.co.in/eticket/ ওয়েবসাইটের মাধ্যমেই নতুন পোর্টালের পরিষেবা মিলবে।
  • Link to this news (বর্তমান)