• ধর্ষণের চেষ্টা: পাটনা হাইকোর্টের রায়কে ভর্ৎসনা শীর্ষ আদালতের
    বর্তমান | ১৬ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি: স্তন চেপে ধরা বা সালোয়ার খোলার প্রয়াস ধর্ষণের চেষ্টা নয়! গত বৃহস্পতিবার এমনই রায় দিয়েছিল পাটনা হাইকোর্ট। মঙ্গলবার সেই রায়কে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে, সংবেনদশীল বিষয়ে মন্তব্য করার সময় বিচারপতিদের আরও সংযত হওয়া উচিত। ‘কোনো রকম গবেষণা’ ছাড়াই যেভাবে এই মন্তব্য করা হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এর আগে ২০২৫ সালের ১৭ মার্চ এলাহাবাদ হাইকোর্টও এক মামলার রায়ে জানিয়েছিল, নাবালিকার বুকে হাত দেওয়া, পাজামার বোতাম খোলা বা তাকে নর্দমার কাছে টেনে নিয়ে যাওয়া ধর্ষণের চেষ্টা নয়। সেই রায়ের উপর পরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি সেই রায় নিয়ে শীর্ষ আদালতের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলাও দায়ের করা হয়েছে। এদিন সেই জনস্বার্থ মামলারই শুনানি চলছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে। শুনানির সময়ই পাটনা হাইকোর্টের রায়ের প্রসঙ্গ উত্থাপন করেন প্রবীণ আইনজীবী শোভা গুপ্তা। এরপরই সেই রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেন, ‘এই ধরনের রায় দেওয়ার আগে বিচারবিভাগীয় স্তরে আরও যাচাইয়ের প্রয়োজন রয়েছে। কোনো রকম গবেষণা ছাড়াই এই রায় দেওয়া হয়েছে। কর্মীরা কিছুই করছে না।’ পাটনা হাইকোর্টের রায় পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন প্রধান বিচারপতি। 
  • Link to this news (বর্তমান)