• উত্তরবঙ্গ মেডিকেলে মর্গে মৃতের পরিবারের থেকে টাকা নেওয়ার অভিযোগ, বিস্তার হস্তক্ষেপে শোকজ ৪ কর্মী
    বর্তমান | ১৬ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করাতে মৃতের পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে কড়া পদক্ষেপ করল কর্তৃপক্ষ। লিখিত অভিযোগের ভিত্তিতে মর্গে কর্তব্যরত চারজন চতুর্থ শ্রেণির স্থায়ী কর্মীকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না মিললে তাঁদের মর্গের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ সঞ্জয় মল্লিক।

    বুধবার দার্জিলিংয়ের এক বাসিন্দা তাঁর আত্মীয়ের মৃতদেহের ময়নাতদন্ত করাতে এসে অর্থ দাবির মুখে পড়েন। অভিযোগ, বাধ্য হয়ে তাঁকে মোটা অঙ্কের টাকা দিতে হয়। বিষয়টি দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার কার্যালয়ের মাধ্যমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নজরে আসে। পরে মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু হয়।

    ডাঃ সঞ্জয় মল্লিক জানান, মর্গে টাকা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের হলেও এতদিন কোনো লিখিত অভিযোগ বা অভিযুক্তদের পরিচয় না পাওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এবার লিখিত অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তাই ওই সময় কর্তব্যরত চারজন কর্মীকে শোকজ করা হয়েছে। তাঁদের জবাব সন্তোষজনক না হলে মর্গ থেকে সরিয়ে দেওয়া হবে।

    এদিকে, মৃতের আত্মীয় সূরজ রাই জানান, তাঁরা বাধ্য হয়ে টাকা দিলেও পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর অভিযুক্তরা নেওয়া টাকা ফিরিয়ে দেন। যদিও অভিযোগকারীরা এ বিষয়ে প্রকাশ্যে আর মন্তব্য করতে চাননি।

    উল্লেখ্য, ঘটনাটি দার্জিলিং জেলার সিরিশবাড়ির বাসিন্দা বিষ্ণুমণি রাইয়ের (৪০) মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত। গত ২৭ জুন থেকে নিখোঁজ থাকা বিষ্ণুমণি রাইয়ের দেহ ১৪ জুলাই গজলডোবায় তিস্তা নদী থেকে উদ্ধার হয়। পরিবারের সদস্যরা গজলডোবা আউটপোস্টে গিয়ে দেহ শনাক্ত করেন। পরে তাঁর ভাই ঋষিক রাই লিখিতভাবে ময়নাতদন্তের আবেদন জানান। সেই প্রক্রিয়ার সময়ই টাকার দাবির অভিযোগ সামনে আসে, যা ঘিরে মেডিকেল কলেজে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)